
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতীরবর্তী বন্যাকবলিত এলাকার সহস্রাধিক মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে জেলা জামায়াত।
শনিবার সকালে উপজেলার আবেদের ঘাট থেকে এ কার্যক্রম শুরু হয়ে পরে ১০টি পয়েন্টে বন্যার্তদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেয়া হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজা, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক, সহকারী সেক্রেটারি রবিন, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহবুব মাজহার, দৌলতপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা বেলালউদ্দিন, নায়েবে আমির আরজতউল্লাহ, সহকারী সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বুলবুল এবং ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী খাজাউদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় জামায়াতের নেতারা বন্যাকবলিত মানুষের সাথে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি বন্যার্তদের সান্ত্বনা দিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
উল্লেখ্য, গতকাল শুক্রবার সরকারি হিসাব অনুযায়ী, গত সপ্তাহে দৌলতপুর উপজেলার প্রায় আট হাজার পরিবারের ৩০ থেকে ৩৫ হাজার মানুষ পানিবন্দী ছিলেন।
তবে স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, উপজেলার দুইটি ইউনিয়নের ৪০টি গ্রামের অন্তত ৬০ হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। বন্যার পানিতে অনেকের বাড়িঘর ডুবে যাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন।
এদিকে পদ্মা নদীর পানি কমতে শুরু করায় বন্যাকবলিত মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।







