
সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ ছাতক উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা মঞ্জুর আলমকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এশার নামাজ শেষে ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের পুরাতন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মঞ্জুর ওই এলাকার মরহুম আলকাব আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।
পরিবারের সূত্রে জানা যায়, শুক্রবার এশার নামাজ শেষে ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের পুরাতন বাজার এলাকা থেকে মঞ্জুরকে পুলিশ গ্রেফতার করে। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশের দাবি, তিনি নাশকতার একটি মামলার পলাতক আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মঞ্জুর নাশকতার মামলার পলাতক আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।’







