
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অর্জিত সাফল্য তাকে উৎসর্গ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি কিউএস ও টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে গাকৃবির উল্লেখযোগ্য অবস্থান অর্জনের স্বীকৃতিও প্রধানমন্ত্রীকে উৎসর্গ করেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় গাজীপুরের ভাওরাইদে আব্দুল মালেক মেম্বার হিফজ মাদরাসা ও এতিমখানায় বিশেষ দোয়া মাহফিল ও এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে এ ঘোষণা দেন ভিসি।
অনুষ্ঠানে ভিসি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ গড়ার দৃঢ় প্রত্যয় এবং ‘করব কাজ, গড়ব দেশ : সবার আগে বাংলাদেশ’ মূলমন্ত্রের সাথে একাত্ম হয়ে গাকৃবি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির উৎকর্ষ সাধনে কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অর্জনই উন্নত, আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ের সাথে সম্পৃক্ত।’
বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে গাকৃবির চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতি গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতার অনন্য রাষ্ট্রীয় অর্জন বলেও উল্লেখ করেন তিনি।
আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের সাফল্য তুলে ধরে ভিসি জানান, কিউএস প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র্যাঙ্কিংস ২০২৭’-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম, পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে গাকৃবি। এ তালিকায় বিশ্বে ৯৩১তম ও এশিয়ায় ৩২২তম অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি। পরিবেশগত গবেষণায় বিশ্বে গাকৃবির অবস্থান ৫৮৫তম।’
এ ছাড়া যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ‘ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র্যাঙ্কিং ২০২৭’-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে গাকৃবি।
ভিসি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, ‘দেশের কৃষি, শিল্প, শিক্ষা, সাহিত্য ও সামাজিক উন্নয়নে তার নেতৃত্বে অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা করেন।’
একই সাথে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে তাদের উত্তরসূরি হিসেবে তারেক রহমানের নেতৃত্বে দেশ শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো: সফিউল ইসলাম আফ্রাদ, রেজিস্ট্রার মো: আবদুল্লাহ মৃধা, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, মাদরাসার শিক্ষক এবং ৪৬ জন এতিম শিশু উপস্থিত ছিলেন।
পরে মাদরাসার প্রধান শিক্ষক মো: সফিকুল ইসলাম প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাত শেষে ভিসি নিজ হাতে এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









