
এগারো দলীয় জোট আওয়ামী ফ্যাসিবাদের ফিরে আসার পথ আবিষ্কার করছে মন্তব্য করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফিরে আসে তাহলে এর জন্য দায়ী থাকবে জামায়াত-এনসিপি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জুলাই বিপ্লবে প্রথম শহীদ আবু সাঈদের শহীদ হওয়ার ঘটনাস্থল পরিদর্শন শেষে এ মন্তব্য করেন। এসময় তার সাথে ছিলেন জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ফেরদৌস রহমান, ছাত্রদল সভাপতি ইয়ামিনসহ নেতাকর্মীরা।
রাশেদ খান বলেন, ‘গণভোট নিয়ে আপনারা (১১ দল) কথা বলছেন, জুলাই জাতীয় সনদ নিয়ে কথা বলছেন— দেখেন, গণভোট ও জুলাই জাতীয় সনদ একটি মীমাংসিত ইস্যু। নয় মাস আলোচনা হয়েছে, আলোচনার ভিত্তিতে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর হয়েছে। এনসিপি ছাড়া প্রত্যেকটা দল, এমনকি জামায়াতে ইসলামীও স্বাক্ষর করেছে। আপনি যে সনদে স্বাক্ষর করেছেন, সেই সনদ কি আপনি মানেন? ওই সনদে নোট অব ডিসেন্ট ছিল এবং এটি জেনে-শুনেই আপনি স্বাক্ষর করেছেন।’
তিনি বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পুরোটাই বাস্তবায়ন করা হচ্ছে। তাহলে কিসের লংমার্চ? লংমার্চের নামে আপনারা (১১ দল) জ্বালানি তেল খরচ করে এই জ্বালানি সঙ্কটকে আরো বেশি ঘনীভূত করছেন। আপনারা সরকারকে সহযোগিতা করছেন না। বরং আপনারা পদে পদে বুঝে বা না-বুঝে হঠকারিতা করে আওয়ামী ফ্যাসিবাদকে ফিরে আসার পথ আবিষ্কার করছেন।’
‘যদি আওয়ামী লীগ জামায়াতের হঠকারিতার সুযোগ নিয়ে বাংলাদেশে ফিরে আসে, সে ক্ষেত্রে দায়ী থাকবে জামায়াত ও এনসিপি,’ বলেন তিনি।
এর আগে তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। পরে তিনি পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। এর আগে সকাল ৯টায় তিনি রংপুর পৌঁছান।







