গ্রেফতার নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো: রুবেল
গ্রেফতার নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো: রুবেল ছবি: নয়া দিগন্ত

কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়া নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো: রুবেলকে (২৮) পুনরায় গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরে নাঙ্গলকোট উপজেলা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, নাঙ্গলকোট থানায় দায়ের করা নারী নির্যাতন মামলায় রুবেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার আদালতে হাজির করার জন্য নাঙ্গলকোট থানা পুলিশের এক সদস্যের সাথে তাকে কুমিল্লা আদালত প্রাঙ্গণে আনা হয়। আদালত চত্বরে পৌঁছানোর পর কৌশলে পুলিশের হাত থেকে পালিয়ে যায় রুবেল।

বিষয়টি জানাজানি হলে তাকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান শুরু করে পুলিশ। পরে নাঙ্গলকোট উপজেলা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেফতার করা হয়।

কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক সাদিকুর রহমান বলেন, নারী নির্যাতন মামলার আসামি মো: রুবেলকে আদালতে হাজির করার জন্য আনা হয়েছিল। এ সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেফতার করা হয়।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, আদালত থেকে পালিয়ে আসামি এলাকায় চলে আসে। খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেফতার করা হয়।