
চট্টগ্রামের মিরসরাইয়ে মাদক কারবারি, ছিনতাইকারীসহ একাধিক মামলায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। জোরারগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন গ্রেফতার করে আইনগত ব্যবস্থা শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জোরারগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, অভিযানে ১৩০ লিটার দেশীয় চোলাইমদসহ উপজেলার করেরহাট ইউনিয়নের মরহুম মো: হানিফের ছেলে মো: রিয়াজ হোসেন হৃদয় (২৬), ফেনী জেলার ছাগলনাইয়া থানার শাহ আলমের ছেলে আবুল কাশেম (৩২), খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি পৌরসভার মো: সাইফুল ইসলামের ছেলে মো: ওমর ফারুক (১৯), এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মরহুম আলী মিয়ার ছেলে মনসুর আলম (৩৩), তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি কাটাছরা ইউনিয়নের শাহজাহানের ছেলে শেখ সাব ওরফে শেখ ফরিদকে গ্রেফতার করা হয়। এছাড়া অন্যান্য মামলায় করেরহাট ইউনিয়নের মরহুম আবু তৈয়বের ছেলে মো: ইমাম হোসেন (৪০), মরহুম আব্দুল কাদেরের ছেলে নাজিম উদ্দিন (৩৫), কাটাছরা ইউনিয়নের মরহুম আবুল খায়েরের ছেলে মো: মহিউদ্দিন (৪০)।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পুলিশের একাধিক টিম পৃথক অভিযান চালিয়ে চারজন মাদক কারবারি, ছিনতাই মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি ও অন্য মামলায় তিনজনসহ আটজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মাদক নির্মূল করতে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযান চলমান থাকবে।








