শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৯ জন রোগী ভর্তি আছেন। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সিভিল সার্জনের কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২৬ জন রয়েছেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। এ ছাড়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১২ জন ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জন ভর্তি আছেন।

অন্য হাসপাতালের মধ্যে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন, করিমগঞ্জে পাঁচ, কুলিয়ারচরে তিন, তাড়াইলে চার, পাকুন্দিয়ায় এক, নিকলীতে দুই, কটিয়াদীতে চার এবং হোসেনপুরে সাতজন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এ ছাড়া জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজন ও প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতালে দুইজন চিকিৎসাধীন।

সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ২৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৯ জন। 

এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১১৭। চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত কারও মৃত্যু হয়নি।

জেলার সিভিল সার্জন ডা: মো: সাইদুর রহমান বলেন, ‘ডেঙ্গু সচেতনতার বিষয়ে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। এ বিষয়ে আমরা মাইকিং ও লিফলেট বিতরণ করছি। এছাড়া আক্রান্ত রোগীরা হাসপাতালগুলোতে যেন ভালো যত্ন ও চিকিৎসা পায় এ ব্যাপারে আমরা খোঁজ খবর রাখছি।’