
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর ) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত ও নেভিগেটিং দ্যা এআই ফিউচার ফর এনএসটিইউ স্টুডেন্টস্থ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গোলাম রব্বানী।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘একসময় আমরা কম্পিউটারের যুগে প্রবেশ করেছিলাম। তখন কম্পিউটার জানা ছিল একটি বিশেষ দক্ষতা, ঠিক একইভাবে আমরা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের যুগে প্রবেশ করেছি। ভবিষ্যতে এমন একটি সময় আসবে, যখন এআই সম্পর্কে জ্ঞান ও এর যথাযথ ব্যবহার না জানলে কর্মক্ষেত্রে টিকে থাকা এবং পেশাগত দক্ষতা অর্জন কঠিন হয়ে পড়বে। তাই শিক্ষার্থীদের এখন থেকেই এআই সম্পর্কে জানতে হবে এবং এ বিষয়ে ব্যবহারিক দক্ষতা অর্জন করতে হবে।’
তিনি বলেন, ‘এক্ষেত্রে শুধূমাত্র এআইয়ের ওপর সম্পূর্ণ নির্ভরশীল না হয়ে নিজেদের জ্ঞান, মেধা ও দক্ষতার সাথে সমন্বয় করে এর ব্যবহার নিশ্চিত করতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান থাকবে, এআইকে ইতিবাচক ও মানবকল্যাণমূলক কাজে ব্যবহার করবে। কোনোভাবেই একে এমন কোনো কাজে ব্যবহার করা যাবে না, যার মাধ্যমে ব্যক্তি, সমাজ কিংবা রাষ্ট্রের ক্ষতি হয়।’
বক্তব্যে উচ্চশিক্ষার ক্ষেত্রে এআই একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে উল্লেখ করে গবেষণা, উদ্ভাবন, চিকিৎসা, কৃষি, প্রকৌশল, প্রযুক্তি ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে এআই প্রযুক্তিকে দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান ভিসি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: হাছান উদ্দীন, সেন্ড এ লিটল হোপের কান্ট্রি ডিরেক্টর ড. মোহাম্মদ শাহাব উদ্দিন ও আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








