
বছরজুড়ে পেঁয়াজ উৎপাদন, মানসম্মত বীজ উৎপাদন এবং সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে কৃষকদের দক্ষতা বাড়াতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ ও পেঁয়াজের বীজ-চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব খামারসংলগ্ন পেঁয়াজক্ষেত এলাকায় এ প্রশিক্ষণ ও বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
‘পেঁয়াজের মানসম্মত বাল্ব, বীজ উৎপাদন এবং সংরক্ষণকাল বৃদ্ধির লক্ষ্যে জার্মপ্লাজম স্ক্রিনিং’ শীর্ষক গবেষণা প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়। কৃষি গবেষণা ফাউন্ডেশনের (কেজিএফ) অর্থায়নে আয়োজিত এ কর্মসূচিতে ৩০ জন কৃষকের মধ্যে মোট তিন হাজার পেঁয়াজের চারা এবং জনপ্রতি এক হাজার করে মোট ৩০ হাজার পেঁয়াজের বীজ (প্রতি কৃষককে ৩০ গ্রাম) বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন গবেষণা প্রকল্পের প্রধান গবেষক ও উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো: হারুন আর রশীদ। তিনি বলেন, ‘দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা প্রায় ৩০ লাখ টন। তবে উৎপাদিত পেঁয়াজের ২৫ থেকে ৩০ শতাংশ সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায়। এ ছাড়া দেশের আবহাওয়ায় মানসম্মত পেঁয়াজের বীজ উৎপাদনও বেশ চ্যালেঞ্জিং। এসব সমস্যা সমাধানে দেশী-বিদেশী বিভিন্ন জাতের প্রায় ১০০টি পেঁয়াজের লাইন সংগ্রহ করে গবেষণা করা হচ্ছে। ইতোমধ্যে পলিটানেলের মাধ্যমে গ্রীষ্মকালীন চাষের উপযোগী কয়েকটি জাত নির্বাচন করা হয়েছে, যেগুলো ভালো ফলন দিয়েছে।’
তিনি আরো বলেন, ‘আগে পেঁয়াজের চাষ মূলত শীতকালেই সীমাবদ্ধ ছিল। তবে গবেষণার মাধ্যমে উদ্ভাবিত নতুন জাতের ফলে এখন গ্রীষ্মকালেও পেঁয়াজ উৎপাদনের সুযোগ তৈরি হয়েছে। গ্রীষ্মকালীন ও শীতকালীন—উভয় মৌসুমে পেঁয়াজ চাষের সম্প্রসারণ দেশের উৎপাদন বাড়াতে সহায়ক হচ্ছে। এভাবে বছরজুড়ে উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হলে পেঁয়াজের সরবরাহ স্থিতিশীল রাখা এবং আমদানিনির্ভরতা কমানো সম্ভব হবে।’
কৃষি গবেষণা ফাউন্ডেশনের সিনিয়র মৃত্তিকা বিশেষজ্ঞ ড. মো: মনোয়ার করিম খান বলেন, ‘পাঁচ বছর আগেও দেশে পেঁয়াজের উৎপাদন ছিল প্রায় ২৫ লাখ টন। সে সময় সংরক্ষণের অভাবে বিপুল পরিমাণ পেঁয়াজ নষ্ট হওয়ায় আট থেকে ১০ লাখ টন পেঁয়াজ আমদানি করতে হতো। তবে বর্তমানে দেশে পেঁয়াজের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরে দেশে পেঁয়াজ উৎপাদিত হয়েছে ৩৮ দশমিক ১৯ লাখ টন, যেখানে বার্ষিক চাহিদা প্রায় ৩০ লাখ টন। এ বছরও প্রায় ৮৬ হাজার টন পেঁয়াজ আমদানি করতে হয়েছে। উৎপাদন বৃদ্ধির ফলে আগের তুলনায় আমদানিনির্ভরতা ও বৈদেশিক মুদ্রার ব্যয় অনেকটাই কমেছে।’
পেঁয়াজের চাহিদার মৌসুমি ওঠানামা তুলে ধরে তিনি বলেন, ‘পেঁয়াজ একটি ‘পলিটিক্যাল ক্রপ’। কারণ রমজান বা বিভিন্ন উৎসবের সময় পেঁয়াজের চাহিদা অনেক বেড়ে যায়। দেখা যায়, এক মাসের রমজানে যে পরিমাণ পেঁয়াজের প্রয়োজন হয়, তা সাধারণ সময়ের প্রায় তিন মাসের চাহিদার সমান। এ সময় সরবরাহে ঘাটতি দেখা দিলে দাম বেড়ে যায় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। এর প্রভাব সরাসরি সরকারের ওপরও পড়ে। তাই পেঁয়াজের উৎপাদন বাড়ানোর পাশাপাশি মানসম্মত পেঁয়াজ উৎপাদন ও সংরক্ষণব্যবস্থার উন্নয়ন জরুরি।’
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আলী রেজা ফারুক বলেন, ‘পেঁয়াজ দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। আমরা পেঁয়াজকে মসলা হিসেবে ব্যবহার করলেও বিশ্বের অনেক দেশে এটি সবজি ও সালাদ হিসেবেও ব্যবহৃত হয়। পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশ বর্তমানে অনেকটাই স্বয়ংসম্পূর্ণতার কাছাকাছি পৌঁছেছে।’
মানসম্মত পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি এবং সংরক্ষণকাল দীর্ঘায়িত করার লক্ষ্যে গৃহীত এ উদ্যোগ দেশের কৃষি খাতের উন্নয়ন ও পেঁয়াজ উৎপাদন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উদ্যানতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম আহমদ এবং বাকৃবি রিসার্চ সিস্টেমের (বাউরেস) ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক শরীফ আর রাফি। এ ছাড়া গবেষণা সংশ্লিষ্ট এমএস শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








