
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তনের অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালের উদ্বোধন করা হয়েছে। আগামী ১০ নভেম্বর থেকে সমাবর্তনে অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীরা এই পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারবেন।
রোববার (৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের ভার্চুয়াল কনফারেন্স রুমে পোর্টালটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেজিস্ট্রেশন উপকমিটির সভাপতি অধ্যাপক ড. মো: ফারুকুজ্জামান খান। এতে ট্রেজারার অধ্যাপক ড. মো: ইদ্রিস আলীসহ সমাবর্তনের বিভিন্ন উপকমিটির আহ্বায়করা উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে অধ্যাপক ড. মো: ফারুকুজ্জামান খান জানান, শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে সমাবর্তনের রেজিস্ট্রেশন ফি এক ধাপ কমানোর সিদ্ধান্ত হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন প্রোগ্রাম থেকে ডিগ্রি অর্জনকারীদেরও সমাবর্তনে অন্তর্ভুক্ত করা হয়েছে। ছবি আপলোডের ক্ষেত্রে নির্ধারিত মাপ ও নির্দেশনা পোর্টালে স্পষ্টভাবে উল্লেখ করতে আইসিটি সেলকে অনুরোধ জানানো হয়েছে, যাতে রেজিস্ট্রেশনে জটিলতা এড়ানো যায়। এ সময় সমাবর্তনের তথ্য শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
জানা যায়, আগামী ২ ফেব্রুয়ারি ২০২৭ বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে মাস্টার্স পর্যায়ে ২০১৫-১৬ থেকে ২০২২-২৩ ও স্নাতক (সম্মান) পর্যায়ে ২০১২-১৩ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন।
আগ্রহীরা আগামী ১০ নভেম্বর থেকে convocation.iu.ac.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। এ কার্যক্রম সহজ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল পোর্টালটি তৈরি করেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








