
বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের প্রশ্ন করতে উৎসাহিত করার পাশাপাশি অর্জিত জ্ঞান মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
শনিবার (২৮ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউজিসি চেয়ারম্যান বলেন, বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে প্রশ্ন করা। ‘কেন’ ও ‘কীভাবে’— এই প্রশ্নের মধ্যেই বিজ্ঞানের ভিত্তি নিহিত। বিজ্ঞান থেকে অর্জিত জ্ঞান নিজের, প্রকৃতির ও সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে, অকল্যাণে নয়। বিজ্ঞান যেমন কল্যাণের সূচনা করতে পারে, তেমনি অকল্যাণেরও কারণ হতে পারে। এ দুইয়ের পার্থক্য উপলব্ধি করা জরুরি।
শিক্ষার্থীদের বাবা-মা, শিক্ষক, সমাজ ও দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দিয়ে অধ্যাপক মামুন আহমেদ বলেন, শিক্ষার্থীদের সাফল্য শুধু তাদের একার অর্জন নয়; এর পেছনে বাবা-মায়ের ত্যাগ ও শিক্ষকদের পরিশ্রম জড়িয়ে আছে।
রসায়নকে জীবন ও প্রকৃতির ভাষা উল্লেখ করে তিনি বলেন, মানুষ, প্রকৃতি ও সম্ভাবনাময় দেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চার আগ্রহ ও নিষ্ঠাকে কাজে লাগাতে হবে। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডেও দেশের শিক্ষার্থীরা সাফল্য অর্জন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: রইছ উদ্দীন বলেন, বিজ্ঞানমনস্ক জাতি গঠন ও শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে বর্তমান সরকার গুরুত্ব দিচ্ছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদেরও রসায়ন অলিম্পিয়াডে যুক্ত করার জন্য তিনি আয়োজকদের প্রতি আহ্বান জানান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো: আবদুস সালাম। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









