
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ২১ নভেম্বর থেকে শুরু হবে। আগের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি।
শনিবার (৭ নভেম্বর) বুয়েট ভর্তি পরীক্ষা কমিটির প্রধান ও তড়িৎ প্রকৌশল বিভাগের শিক্ষক অধ্যাপক কামরুল হাসান গণমাধ্যমকে এসব তথ্য দিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা ১৬ জানুয়ারি ভর্তি পরীক্ষার নেয়ার জন্য সেই প্রস্তুতি নিয়ে আগাচ্ছি।’
এদিকে, এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের পর এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের পুনঃপরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করবে বলে জানিয়েছে তারা।
সেই শিক্ষার্থীদের কথা বিবেচনা করে গত ৪ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় এক সভার আয়োজন করে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের প্রধানরা উপস্থিত ছিলেন।
তবে সেই সভার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যথাসময়ে নেয়ার কথা জানিয়েছেন।
ফলে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার প্রায় চার লাখ ২০ হাজার শিক্ষার্থীদের মধ্যে কেউ পাশ করলেও বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
এছাড়া, এইসএসসি ও সমমান পরীক্ষার ফলে যে বিপর্যয় দেখা গেছে, সেটার প্রভাবও জিপিএ প্রাপ্তির হারে পড়েছে। এবার সবমিলিয়ে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৪০ হাজার শিক্ষার্থী। তার মধ্যে বিজ্ঞান ও গার্হস্থ্য অর্থনীতিতে মাত্র ২৬ হাজার ৭০২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
যেহেতু বুয়েট ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে ও এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫ সহ পদার্থবিজ্ঞান, রসায়ন ও উচ্চতর গণিত প্রতিটি বিষয়ে আলাদাভাবে গ্রেড পয়েন্ট ‘এ প্লাস’ থাকতে হবে, সেক্ষেত্রে এবার আবেদন সংখ্যা কমে যাবে।
তারপরও শিক্ষার্থীদের ভর্তি আবেদন যোগ্যতা গতবছরের মত স্থির রাখার বিষয়ে অনড় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ভর্তি আবেদনের সময়সীমা কবে নাগাদ শেষ হবে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হবে বলে জানিয়েছেন অধ্যাপক কামরুল হাসান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








