
শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষা, কর্মসংস্থান, গবেষণা ও যোগাযোগের ক্ষেত্রে আরও দক্ষ করে তুলতে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে ‘তৃতীয় ভাষা শিক্ষা সেন্টার’ চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এ কথা জানান।
বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেস (বিআইএল) আয়োজিত ‘এপিস্টেমিক রিকনফিগারেশনস ইন ল্যাঙ্গুয়েজ স্টাডিজ (ইআরএলএস) ২০২৬’ শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ‘বর্তমান বিশ্বে বিদেশী ভাষায় দক্ষতা অর্জন কেবল অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা নয়; বরং উচ্চশিক্ষা, কর্মসংস্থান, সাংস্কৃতিক বিনিময়, গবেষণা সহযোগিতা এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। দক্ষ, আত্মবিশ্বাসী ও বিশ্বপরিসরে প্রতিযোগিতায় সক্ষম তরুণ প্রজন্ম গড়ে তুলতে বিদেশী ভাষা শিক্ষাকে জাতীয় দক্ষতা উন্নয়ন কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করতে হবে।’
ইউজিসি চেয়ারম্যান উল্লেখ করেন, ‘মাতৃভাষা বাংলাকে জাতীয় পরিচয় ও সংস্কৃতির ভিত্তি হিসেবে সমুন্নত রেখেই বিদেশী ভাষা শেখার সুযোগ সম্প্রসারণ করতে হবে। মাতৃভাষা ও বিদেশী ভাষার মধ্যে যেকোনো একটিকে বেছে নেয়ার প্রয়োজন নেই; বরং মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও সাংস্কৃতিক আত্মপরিচয় অক্ষুণ্ণ রেখে আন্তর্জাতিক পরিসরে যোগাযোগের ভাষাগত দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করাই মূল লক্ষ্য।’
তিনি আরো জানান, সরকার বিদেশী ভাষা শিক্ষার সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে চীনা, জাপানি, কোরীয়, আরবি, জার্মান, ফরাসি, ইতালীয় ও স্প্যানিশসহ বিভিন্ন ভাষা শেখার সুযোগ বাড়ানোর প্রক্রিয়া চলছে। দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা সেন্টার চালু এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে বাংলা হবে জাতীয় পরিচয়ের শক্তিশালী ভিত্তি, ইংরেজি হবে বৈশ্বিক জ্ঞান অর্জনের মাধ্যম এবং অন্যান্য বিদেশী ভাষা উচ্চশিক্ষা, কর্মসংস্থান, গবেষণা ও আন্তর্জাতিক সম্পৃক্ততার নতুন দিগন্ত উন্মোচন করবে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. আরশাদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা সৈয়দা সারওয়াত আবেদ, বাংলাদেশে নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুলজিম প্লানা ও ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের পরিচালক ও সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক শায়লা সুলতানা।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








