বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। সংগৃহীত

২০২৬ সালের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

Advertisement

বুধবার (৪ নভেম্বর) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালে অনুষ্ঠিত এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স ২য় বর্ষ চূড়ান্ত পরীক্ষায় একটি অথবা দু’টি বিষয়ে (চতুর্থ বিষয় ব্যতীত) অকৃতকার্য প্রার্থীরা এ পরীক্ষায় অংশ নিতে পারবেন।

একইসাথে দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার সাথে প্রথম বর্ষের অকৃতকার্য বিষয় বা বিষয়গুলোতে পরিপূরক পরীক্ষার্থীরা যারা এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

অনলাইনে ফরম পূরণ আগামী ৫ নভেম্বর থেকে শুরু হয়ে ৯ নভেম্বর পর্যন্ত চলবে। এছাড়া ‘সোনালী সেবার’ মাধ্যমে ফি জমা দেয়ার শেষ তারিখ ১০ নভেম্বর পর্যন্ত।

পরীক্ষার ফি বাবদ প্রতি পরীক্ষার্থীর জন্য ৪০০ টাকা এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা সম্পূর্ণ বোর্ডের প্রাপ্য। এছাড়া কেন্দ্র ফি প্রতি পরীক্ষার্থী ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে কোনোভাবেই নির্ধারিত ফি-এর অতিরিক্ত ফি গ্রহণ করা যাবে না এবং সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, প্রবেশপত্রে কোনো ভুলত্রুটি থাকলে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগেই নির্ধারিত ৫০০ টাকা ফি প্রদান করে তা সংশোধন করে নিতে হবে। পরীক্ষায় বহিস্কারের মেয়াদ শেষ না হওয়া শিক্ষার্থী এবং দুইয়ের অধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন না। সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে। বাসস