নবীনবরণ
তিতুমীর কলেজে ১৪শ’ শিক্ষার্থী নিয়ে শিবিরের নবীনবরণ। নয়া দিগন্ত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির তিতুমীর কলেজ ক্যাম্পাসে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ১৪ শতাধিক নবীন শিক্ষার্থীকে নিয়ে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের তিতুমীর কলেজ শাখা।

Advertisement

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় তিতুমীর কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নবীন শিক্ষার্থীদের হাতে উপহারসামগ্রী তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘জুলাই আন্দোলনে ছাত্র, শ্রমিক, শিশুসহ সর্বস্তরের মানুষ ও বিভিন্ন সংগঠন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে। কিন্তু একটি গোষ্ঠী জুলাই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।’

তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়া, লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রম করা এবং নৈতিকতা ও আদর্শ বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

শিক্ষার্থীদের উদ্দেশে জাহিদুল ইসলাম আরো বলেন, ‘নিজেদের মেধা, যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে সবার সামনে তুলে ধরতে হবে। সময়ের যথাযথ মূল্যায়ন করতে হবে এবং অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে প্রয়োজনীয় ও ইতিবাচক বিষয়গুলো গ্রহণ করতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, ‘বিএনপি যে ইশতেহার দিয়েছিল, তারা নিজেরাই তা মানছে না। বিভিন্ন জেলা ও সিটি করপোরেশনে নগর প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। কাদের নিয়োগ দেয়া হবে, তা আগে জানানো হয়নি। অনির্বাচিত ব্যক্তিদের ক্ষমতা দেয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘গত রাতে দেখেছেন, অনুষ্ঠানটি নষ্ট করতে তিতুমীর কলেজ প্রশাসন একটি বিজ্ঞপ্তি জারি করেছে।’

আয়োজকেরা জানান, নবীনবরণ অনুষ্ঠান আয়োজনের ওপর কলেজ প্রশাসনের নিষেধাজ্ঞা জারির পরও অনুষ্ঠানটি আয়োজন করে ছাত্রশিবিরের তিতুমীর কলেজ শাখা। এতে নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।

কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির কলেজ শাখার সভাপতি খাদেমুল ইসলাম সিয়াম। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাবলিক রিলেশন সম্পাদক নুমায়ের আব্দুল্লাহ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাইফুল ইসলাম সায়েমসহ মহানগর ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।