
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একটি কোর্সের ৬০টির বেশি উত্তরপত্র খুঁজে না পাওয়ার ঘটনায় বিভাগের দৈনিক মজুরিভিত্তিক পিয়ন জাবেদ আলীকে বিভাগে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসাথে প্রথম পরীক্ষকের দেয়া নম্বর দিয়ে ফল প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো: আতিকুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
আদেশে বলা হয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার ২১০৭ নম্বর কোর্সের দ্বিতীয় পরীক্ষকের উত্তরপত্র খুঁজে না পাওয়ার ঘটনায় প্রথম পরীক্ষকের নম্বর দ্বিতীয় পরীক্ষকের নম্বর হিসেবে গ্রহণ করে ফল প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি পিয়ন জাবেদ আলীকে বিভাগে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া এবং বিভাগের পরীক্ষার কাজে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সতর্ক করা হয়।
বিভাগ সূত্রে জানা গেছে, ওই কোর্সের উত্তরপত্র মূল্যায়ন শেষে অভ্যন্তরীণ পরীক্ষক প্রফেসর ড. শাহাবুল আলম বিভাগে জমা দেন। পরে বিভাগের পিয়ন জাবেদ ৬০টির বেশি উত্তরপত্রের বান্ডিল বহিরাগত পরীক্ষক ও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. এমতাজ হোসেনের কাছে পৌঁছে দেন বলে দাবি করেন। এরপর থেকে উত্তরপত্রগুলোর হদিস পাওয়া যাচ্ছিল না।
এদিকে উত্তরপত্র না পাওয়ায় প্রায় পাঁচ মাস ধরে আটকে আছে শিক্ষার্থীদের ফল। এ ঘটনায় প্রথমে বিভাগীয়ভাবে এবং পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে প্রথম পরীক্ষকের নম্বর দিয়ে ফল প্রকাশ এবং পিয়ন জাবেদকে বিভাগে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








