জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জকসু, বিক্ষোভ মিছিল
প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল করায় চাকরিপ্রার্থীদের পক্ষে বিক্ষোভ করছে জকসু। নয়া দিগন্ত

যুব উন্নয়ন অধিদফতরের নিয়োগ পরীক্ষা বাতিলের প্রতিবাদে এবং চাকরিপ্রার্থীদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

Advertisement

শনিবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

সমাবেশে জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল জানান, ২০২৪ সালের গণঅভ্যুত্থান ও স্বৈরাচারী শাসনের অবসানের পর তারা আশা করেছিলেন দেশে আর প্রশ্নফাঁস ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে না। কিন্তু বর্তমান সরকারের আমলে দুর্নীতি ছড়িয়ে পড়ছে এবং একের পর এক শিক্ষার্থীবিরোধী সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, ‘২০০১-২০০৫ সালের মতো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার পুরোনো পথে আবারো হাঁটা হচ্ছে। জনআকাঙ্ক্ষাকে উপেক্ষা করে দলীয়করণ ও স্বজনপ্রীতিকে প্রাধান্য দেয়া হচ্ছে।’ অব্যবস্থাপনার কারণে পরীক্ষা শুরুর ঠিক আগমুহূর্তে তা স্থগিতের ঘোষণা ন্যক্কারজনক ও লজ্জাজনক বলেও মন্তব্য করেন তিনি।

জকসুর ভিপি রিয়াজুল ইসলাম জানান, ক্যাম্পাসগুলোতে বছরের পর বছর ধরে অবৈধ দখলদারিত্ব ও গুন্ডামি চলছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত শিক্ষককে শাস্তি না দিয়ে উল্টো পদোন্নতি দেয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরো জানান, চাকরির নিয়োগে জালিয়াতি, মৌখিক পরীক্ষায় পক্ষপাতিত্ব এবং ভেরিফিকেশনের নামে হয়রানির অভিযোগ রয়েছে। সম্প্রতি প্রশ্নফাঁসের মাধ্যমে অযোগ্যদের সুযোগ করে দেয়ার চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেন তিনি।

রিয়াজুল ইসলাম বলেন, ‘মেধাবীদের মুখ অতীতেও বন্ধ রাখা যায়নি, এখনো যাবে না। সরকার এসব চক্রান্ত বন্ধ করে সঠিক পথে না হাঁটলে জুলাই বিপ্লবের মতো শিক্ষার্থীরা আবারো বিকল্প পথ বেছে নিতে বাধ্য হবেন।’