
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, ‘ভেরিফিকেশনের পর এবার প্রশ্নফাঁসের তামাশা শুরু করলো বিএনপি সরকার, ঠিক যেন আওয়ামী যুগে ফিরে যাচ্ছি আমরা।’
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদফতরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়ার পর শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
সাদিক কায়েম বলেন, ২৭ লাখ বেকারের দেশে জুলাই বিপ্লব শুরু হয়েছিল কোনো ধরনের বৈষম্য ছাড়াই মেধার ভিত্তিতে বেকার তরুণদের চাকরির দাবিতে। অথচ দায়িত্ব নেয়ার কয়েক মাসের মধ্যেই সরকার তরুণদের সেই আকাঙ্ক্ষার সাথে বেইমানি করেছে।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ ও ৪৯তম বিসিএসে ভেরিফিকেশনের নামে কোনো কারণ ছাড়াই শত শত শিক্ষার্থীকে বাদ দেয়া হলো। পরে প্রতিবাদের মুখে তাদের আবার নিয়োগপত্র দেয়া হয়। এবার বেকারদের প্রতি চূড়ান্ত অপমান হিসেবে প্রশ্নফাঁসের পুরোনো সংস্কৃতি ফিরে এসেছে।
প্রশ্নফাঁসের ঘটনায় নিয়োগ পরীক্ষা স্থগিতের পর বিভিন্ন কেন্দ্রের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভে সংহতি জানিয়ে তিনি বলেন, প্রশ্নফাঁসের সাথে জড়িতদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এছাড়া সরকারি চাকরির সব নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা, প্রশ্নফাঁসের সব সিন্ডিকেট চিরতরে নির্মূল করার দাবি জানান সাদিক কায়েম। অন্যথায় বেকার যুবকদের সাথে এই সরকারের গাদ্দারি ইতিহাসে ঘৃণার সাথে স্মরণ করা হবে বলে মন্তব্য করেন তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








