
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে তিন শিক্ষককে পদানবতি দিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ১২৩তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়টির ভিসি ড. এম শওকাত আলী বৃহস্পতিবার (১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন।
পদানবতি পাওয়া শিক্ষকরা হলেন, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো: রশীদুল ইসলামকে অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো: শামীম হোসেনকে সহকারী অধ্যাপক থেকে প্রভাষক এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলামকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে পদানবতি দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এম শওকাত আলী জানান, এসব শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়। তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের পদানবতির সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট। গত ৩০ সেপ্টেম্বর এই সিন্ডিকেট অনুষ্ঠিত হয়।
ভিসি বলেন, যৌন নিপীড়নসহ যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সব সময় কঠোর থাকবে তার প্রশাসন।
এসব শিক্ষকের বিরুদ্ধে ভিসির কাছে বিভিন্ন সময় লিখিত অভিযোগ দেয় শিক্ষার্থীরা। ২০২৫ সালের ১৯ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে অধ্যাপক ড. মো: রশীদুল ইসলাম ও এক ছাত্রীর মেসেঞ্জারে কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী ছাত্রী নিজের পরিচয় গোপন রেখে এসব স্ক্রিনশট প্রকাশ করেন। পরে নিজের ফেসবুক আইডি থেকে বিশ্ববিদ্যালয়ের একটি গ্রুপে বিষয়টি নিয়ে বিস্তারিত একটি স্ট্যাটাস দেন। পরে ওই স্ট্যাটাস ও স্ক্রিনশট বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে ছড়িয়ে পড়ে।
এর আগে ১৭ এপ্রিল অধ্যাপক রশীদুল ইসলামের বিরুদ্ধে পরীক্ষার খাতায় নম্বর টেম্পারিং ও হুমকি দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন ওই ছাত্রী।
এদিকে, ২০২৫ সালের ৩০ অক্টোবর ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো: শামীম হোসেনের বিরুদ্ধে ৩১ পৃষ্ঠার একটি লিখিত যৌন হয়রানির অভিযোগপত্র জমা দেন একই বিভাগের এক নারী শিক্ষার্থী।
অন্যদিকে, ২০২৫ সালের ২ নভেম্বর দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলামের বিরুদ্ধে একই বিভাগের এক শিক্ষার্থী প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক এবং যৌন নিপীড়ন সেলের যৌন হয়রানির অভিযোগ করেন।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








