হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল
হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল। সংগৃহীত ছবি

হরমুজ প্রণালীতে সাতটি তেলবাহী জাহাজে হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে এই পানিপথে একদিনে এত বেশি সংখ্যক জাহাজে হামলার ঘটনা এটিই প্রথম।

Advertisement

বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, জাহাজগুলোর মধ্যে চারটি তেল স্থানান্তর করার সময় হামলার শিকার হয় এবং রাতে সেগুলোতে আগুন ধরে যায়। অন্য তিনটি জাহাজ মাইন বিস্ফোরণের ফলে অকেজো হয়ে পড়ে।

এসব দাবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না বা জাহাজগুলো কোন দেশের ছিল, সে বিষয়ে কোনো তথ্য দেয়া হয়নি।

আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে, ওয়াশিংটন যদি হরমুজ প্রণালীর অন্যান্য অংশে জাহাজ চলাচলে সহায়তা করে, তাহলে মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালানো হতে পারে।

হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ দাবি করে ইরান। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ পানিপথ দিয়েই আসত। ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই প্রণালী দিয়ে যাওয়ার চেষ্টা করলে তারা প্রায়ই সেগুলোর ওপর হামলা চালায়।

তবে মার্কিন সামরিক বাহিনী ক্রমবর্ধমান হারে এই পানিপথ দিয়ে জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছে, এ কারণে ইরানও তাদের হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে।

সূত্র : আল জাজিরা