
ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী চেসি ত্রিপুরা।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক খুরশীদ আলম তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক খুরশীদ আলম জানান, ‘চেসি ত্রিপুরার আঘাত ছিল অত্যন্ত গুরুতর। তার মস্তিষ্ক আগেই কাজ করা বন্ধ করে দিয়েছিল। চিকিৎসকেরা তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেন। পরিবারের অনুরোধে তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল। তবে রাতে ভেন্টিলেটর খুলে দেয়ার পর তার মৃত্যু হয়।’
এর আগে, সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহীর বাঘমারা থেকে অটোরিকশায় ক্যাম্পাসে ফিরছিলেন চেসি ও তার সহপাঠীরা। পথে অটোরিকশাটির সাথে একটি ট্রাকের ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন চেসি ত্রিপুরা। তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। প্রথমে তাকে বাঘমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের (রামেক) আইসিইউতে ভর্তি করা হয়। তবে অবস্থার উন্নতি না হওয়ায় পরদিন বিশ্ববিদ্যালয় প্রশাসন এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠায়।
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদুল ইসলাম চেসি ত্রিপুরার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, ‘গোটা বিশ্ববিদ্যালয় পরিবার আজ শোকাহত। তার এই অকাল মৃত্যু অপ্রত্যাশিত।’
তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সড়কে চলাচলের ক্ষেত্রে সব শিক্ষার্থীকে সচেতন থাকার আহবান জানান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








