
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নীলফামারীর সৈয়দপুরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বিএইউএসটি) সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পতাকা উত্তোলন ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। এরপর সকাল ৮টা ৩৫ মিনিটে সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর সাফল্য, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মানবিক ও বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো: মিজানুর রহমান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল ড. মো: শামীম রেজা (অবসরপ্রাপ্ত), রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাওসার (অবসরপ্রাপ্ত), বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, বিভাগীয় প্রধান, ছাত্রকল্যাণ উপদেষ্টা, বিভিন্ন দফতরের দফতরপ্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









