বিএনপির লোগো
বিএনপির লোগো। সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। 

Advertisement

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

কমিটির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপির সভাপতিত্বে এবং সদস্য সচিব ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় দেশব্যাপী আনন্দ, উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। একইসাথে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা প্রদানের আহ্বান জানানো হয়।

সভায় বলা হয়, বিএনপি ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাসী। ধর্মীয় স্বাধীনতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা দলের অঙ্গীকার। ঈদ, দুর্গাপূজা, বড়দিন, বুদ্ধপূর্ণিমাসহ সব ধর্মীয় উৎসব বাংলাদেশের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এসব উৎসবের মর্যাদা রক্ষা এবং সব ধর্মের মানুষের নির্বিঘ্নে ধর্ম পালনের পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব।

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দুর্গাপূজা উপলক্ষে ইতোমধ্যে দেশের সব জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের কমিটিকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকেরা নিজ নিজ বিভাগে কার্যক্রম সমন্বয় করছেন।

সভায় বিএনপির জেলা, উপজেলা ও পৌর কমিটিগুলোকে স্থানীয়ভাবে পূজা পর্যবেক্ষণ কমিটি গঠন এবং এসব কমিটিতে দলের জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়েছে।

প্রতিটি পূজামণ্ডপে সরকারি সহায়তা হিসেবে ৫০০ কেজির পরিবর্তে ৬০০ কেজি চাল বরাদ্দ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে অনুদান চার কোটি টাকা থেকে এক কোটি টাকা বাড়িয়ে পাঁচ কোটি টাকা নির্ধারণ এবং ছুটি এক দিন বাড়ানোসহ সরকারের নেয়া পদক্ষেপে সভায় সন্তোষ প্রকাশ করা হয়।

সভায় পূজামণ্ডপগুলোতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে পূজামণ্ডপকেন্দ্রিক স্বেচ্ছাসেবক টিম গঠন করে পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা, পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা এবং উৎসবের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে স্থানীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

দুর্গাপূজা উপলক্ষে সরকারের সার্বিক কার্যক্রমে বিএনপির পক্ষ থেকে সহযোগিতা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া পর্যায়ক্রমে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের পূজামণ্ডপ পরিদর্শন এবং পূজা উদযাপন কমিটিগুলোর সাথে সমন্বয় করে সহযোগিতা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে কমিটির আহ্বায়ক খায়রুল কবির খোকন এমপি এবং সদস্য সচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে সদস্যরা রাজধানীর গোপীবাগে রামকৃষ্ণ মিশন পরিদর্শন করে পূজা উদযাপন ও প্রস্তুতির সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। 

সভায় উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক অপর্ণা রায় দাস, সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু ও জন গোমেজ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এমপি, রমেশ দত্ত, দেবাশীষ রায় মধু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ ধর্মবিষয়ক সম্পাদক পার্থ দেব মণ্ডল, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জয়দেব রায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসসহ কমিটির অন্য সদস্যরা। বাসস