
ভারতের বেঙ্গালুরুর একটি পাঁচ তারকা হোটেলের সুইমিংপুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় তাঁদের উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আহত হয়েছেন যুক্তরাষ্ট্রের এক নাগরিক ও হোটেলের এক কর্মী।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ৩১ অক্টোবর এ খবর জানিয়েছে। নিহত দুজনের একজন জার্মানির নাগরিক আলেকজান্ডার ম্যাক্সিমিলিয়ান থেইস (৫৭)। তিনি লুফথানসা এয়ারলাইনসে কর্মরত ছিলেন। অন্যজন স্লোভাকিয়ার নাগরিক জুরাজ হরভাথ (৪৫)। তিনি প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।
বেঙ্গালুরুর কনরাড হোটেলের তিনতলার সুইমিংপুলে সাঁতার কাটতে নেমেছিলেন তাঁরা। অভিযোগ অনুযায়ী, পুল থেকে উঠে আসার সময় দুজন বিদ্যুতের শিকার হন। এরপর পানিতে ডুবে তাঁদের মৃত্যু হয়। কীভাবে পুলে বিদ্যুৎ ছড়াল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে।
আহত যুক্তরাষ্ট্রের নাগরিকের নাম ম্যাথিউ দেসান্তিস (৪১)। দুজনকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে বিদ্যুতের শিকার হন হোটেলের কর্মী রাহুল তিওয়ারি (২৮)। তাঁদের দুজনকেই মণিপাল হাসপাতালে নেয়া হয়। হাসপাতাল জানিয়েছে, জার্মান নাগরিককে মৃত অবস্থায় আনা হয়েছিল। স্লোভাকিয়ার নাগরিককে বাঁচাতে চিকিৎসকেরা সিপিআর দিলেও তাঁকে বাঁচানো যায়নি। আহত দুজনের অবস্থা স্থিতিশীল। তাঁদের বিপদ কেটে গেছে।
হোটেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে জানিয়েছে, ঘটনার তদন্তে তারা পুলিশকে সহযোগিতা করছে। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
আলেকজান্ডারের স্ত্রী সিলভিয়া অটোয়া পুলিশের কাছে অভিযোগ করেছেন। এতে হোটেল কর্তৃপক্ষের অবহেলায় সুইমিংপুলের যথাযথ রক্ষণাবেক্ষণ না করাকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর হোটেলটির ওয়েবসাইটে জানানো হয়েছে, রক্ষণাবেক্ষণের জন্য ৩১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সুইমিংপুল বন্ধ থাকবে। হিলটন গ্রুপের অন্তর্ভুক্ত ২৪ তলাবিশিষ্ট এই বিলাসবহুল হোটেলে এক রাতের ভাড়া কমপক্ষে ২৫ হাজার রুপি। অন্যান্য মিডিয়ায় হোটেলটির নাম কোনরাড বলে ঊল্লখ করা হয়েছে। সাঁতারখানাটি হোটেলে তৃতীয় তলায় অবস্থিত বলে জানানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








