
মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির পর সেখান থেকে গ্যারেজ মালিক আহিদুল মোল্লার (৫৪) হাঁত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) রাত ৩টার দিকে শ্রীনগর উপজেলার পাটাভোগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অহিদুলের বাড়ি কুমিল্লায়। তিনি গ্যারেজটি তিন মাস আগে ভাড়া নিয়ে দ্বিতীয় স্ত্রী হোসনা খাতুনকে (৪০) নিয়ে রাতে সেখানে থাকতেন।
হোসনা জানান, শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের পাশে পাটাভোগ এলাকায় ওই গ্যারেজের দরজা ভেঙ্গে ১০-১২ জনের ডাকাত দল ভেতরে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই অহিদুল ও তাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এ সময় অহিদুল চিৎকার দেয়ার চেষ্টা করলে ডাকাতরা কাপড় দিয়ে তার মুখ বেঁধে ফেলে। প্রায় একঘণ্টা ধরে ডাকাতির পর ডাকাত দলের এক সদস্য অহিদুল মুখের কাপড় খুলে নাকের কাছে হাত নিয়ে নিঃশ্বাস পরীক্ষা করে দেখেন তিনি মারা গেছেন। পরে ডাকাতরা দ্রুত সটকে পরে। এ সময় তারা দুটি ব্যাটারিচালিত অটোরিকশা, ১৬টি চার্জার ও ৬০টি ব্যাটারি পিকআপভ্যানে তুলে নিয়ে যায়।
শ্রীনগর থানার ওসি আতাউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘রাত ৩টা থেকে ৪টার মধ্যে এ ঘটনা ঘটেছে। পুলিশ গ্যারেজ মালিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









