সড়ক দুর্ঘটনা, বাস, ব্যাটারিচালিত ইজিবাইক, ইজিবাইকচালক, যাত্রী, আহত, নারী, শিশু, পাটকেলঘাটা পপুলার ক্লিনিক, সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতাল, পাটকেলঘাটা থানা
পাটকেলঘাটা থানা। সংগৃহীত
ads

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে মহাসড়কের পাটকেলঘাটা মজুমদার পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন ইজিবাইকচালক ও যুগিপুকুরিয়া গ্রামের নজরুল বিশ্বাসের ছেলে নাহিদ বিশ্বাস (২৮), তালা উপজেলার দোহার গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী রওশন আরা (৪৫) ও শিশু জান্নাত আরা (৭)। বাকি তিনজনের নাম-পরিচয় পাওয়া যায়নি; তবে তাদের বাড়ি জেলার পাংশা উপজেলায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী মধু মোড়ল জানান, বেলা ১১টার দিকে খুলনাগামী একটি দ্রুতগতির বাস পেট্রোল পাম্প এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা চালক ও যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

আহতদের মধ্যে ইজিবাইকচালক নাহিদ, রওশন ও জান্নাতকে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাটকেলঘাটা থানার ওসি তোফাজ্জেল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত বাসটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে এ বিষয়ে পরের আইনগত ব্যবস্থা নেয়া হবে।