জাতিসংঘ, ৮১তম সাধারণ অধিবেশন, উচ্চপর্যায়, বক্তব্য, কৃত্রিম বুদ্ধিমত্তা,  এআই প্রসঙ্গ,
সাধারণ অধিবেশনের একটি দৃশ্য। আনদোলু

 জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে উচ্চপর্যায়ের বক্তব্যে বিশ্বের ৬০ শতাংশের বেশি নেতা কৃত্রিম বুদ্ধিমত্তার বা এআই প্রসঙ্গ তুলে ধরেছেন। এসব বক্তব্যে প্রযুক্তির দ্রুত অগ্রগতি, প্রযুক্তির ব্যবহার নিয়ন্ত্রণ এবং স্বয়ংক্রিয় ব্যবস্থার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাড়তে থাকা উদ্বেগেরই প্রতিফলন ঘটেছে ।

Advertisement

তুরস্কের বার্তা সংস্থা আনদোলু জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্টের মুখপাত্র মেলিসা সামার মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘প্রাথমিক হিসাব অনুযায়ী, ৬০ শতাংশের বেশি বক্তা তাঁদের বক্তব্যে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসঙ্গ উল্লেখ করেছেন।’

সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বিভিন্ন দেশের নেতাদের বক্তব্য বিশ্লেষণ করে দেখা গেছে, ১২২টি দেশের বক্তব্যে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসঙ্গ এসেছে। প্রযুক্তির দ্রুত অগ্রগতি, এর ওপর নিয়ন্ত্রণমূলক সুরক্ষাব্যবস্থা এবং স্বয়ংক্রিয় ব্যবস্থার ব্যবহার নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাড়তে থাকা নজরদারি ও উদ্বেগের বিষয়টিও এ সব বক্তব্যে উঠে এসেছে।

মেলিসা সামার আরো জানান, অধিবেশনে অংশ নেয়া প্রায় তিন-চতুর্থাংশ প্রতিনিধি জলবায়ু সংকটের বিষয়টি তুলে ধরেছেন।

এদিকে, সাধারণ পরিষদের মঞ্চে বক্তাদের মধ্যে নারীর সংখ্যা ছিল প্রায় ১৪ শতাংশ। ২০২৫ সালে এ হার ছিল ১২ শতাংশ। নারীদের অংশগ্রহণ কিছুটা বাড়লেও সামার সতর্ক করে বলেন, এ অগ্রগতি এখনো ‘প্রয়োজনের তুলনায় অনেক ধীর’।