কলম্বিয়ার পতাকা
কলম্বিয়ার পতাকা। সংগৃহীত ছবি

ইরানের সাথে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে কলম্বিয়া। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ, আন্তর্জাতিক সন্ত্রাসী ও মাদক-সন্ত্রাসী গোষ্ঠীর সাথে ইরানের কথিত সম্পৃক্ততা এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলোকে এর কারণ হিসেবে উল্লেখ করেছে কলম্বিয়া।

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৯ সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। সরকারের পররাষ্ট্রনীতির ওপর ভিত্তি করে এই পদক্ষেপ নেয়া হয়েছে। পররাষ্ট্রনীতির মধ্যে রয়েছে ‘আন্তঃসীমান্ত অপরাধের বিরুদ্ধে লড়াই এবং জাতীয় নিরাপত্তা রক্ষা’।

মন্ত্রণালয় আরো জানায়, ‘মানবাধিকার লঙ্ঘনের নিশ্চিত ঘটনা, মধ্যপ্রাচ্যের সংঘাতের সাথে জড়িত নয় এমন দেশগুলোর ওপর প্রমাণিত হামলা, হরমুজ প্রণালী অবরোধ এবং ইরানের পারমাণবিক কর্মসূচির পরিধি যাচাইয়ের ক্ষেত্রে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রচেষ্টায় কর্তৃপক্ষের বাধা সৃষ্টির বিষয়গুলোও কলম্বিয়া বিবেচনায় নিয়েছে। এই ঘটনাগুলো ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকারের প্রতি কলম্বিয়ার আস্থাকে ক্ষুণ্ণ করেছে।’

গত আগস্ট মাসে দায়িত্ব গ্রহণের পর থেকেই কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলান্দো দে লা এস্প্রিয়েলা দেশটির মিত্রতার সম্পর্কে পরিবর্তন এনেছেন। তিনি ইসরাইলের সাথে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করেছেন এবং গাজায় সংঘটিত গণহত্যার বিষয়ে তার পূর্বসূরি গুস্তাভো পেত্রোর কঠোর অবস্থান থেকে সরে এসেছেন।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি