
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস বুধবার জানিয়েছেন, তিনি ক্যান্সারমুক্ত হয়েছেন। প্রায় ছয় মাস আগে তিনি ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন।
ট্রাম্পের দেয়া ‘আইস মেইডেন’ উপাধিতে পরিচিত ওয়াইলস মার্চে জানিয়েছিলেন, তার স্তন ক্যান্সার ধরা পড়েছে এবং তিনি চিকিৎসা নিচ্ছেন।
এক্সে দেয়া এক পোস্টে ওয়াইলস বলেন, এ সপ্তাহে চিকিৎসকের কাছে যাওয়ার পর ‘আমার প্যাথলজি পরীক্ষার ফলাফল পরিষ্কার এসেছে। আমি এখন ক্যান্সারমুক্ত।’
৬৯ বছর বয়সী ওয়াইলস তার পরিবার, বন্ধু ও চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি ‘বিশেষভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে তার অবিচল সমর্থনের জন্য’ ধন্যবাদ জানান তিনি।
তিনি বলেন, ‘আমি গভীরভাবে কৃতজ্ঞ এবং আমেরিকা ফার্স্ট কর্মসূচি এগিয়ে নিতে কাজ করে যাব।’
হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ ওয়াইলসকে পর্দার আড়াল থেকে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্সি এগিয়ে নেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ব্যাপকভাবে কৃতিত্ব দেয়া হয়।
সূত্র : বাসস







