সড়ক দুর্ঘটনা
সাভারে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১। প্রতীকী ছবি

ঢাকার সাভারের নবীনগর-বাইশমাইল এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুল কাইয়ূম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী, ছেলে ও মা-সহ একই পরিবারের তিনজন এবং অজ্ঞাতপরিচয় আরো একজন আহত হয়েছেন।

Advertisement

রোববার (৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে বাইশমাইল এলাকায় গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের ইউ-টার্নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাইয়ূমের গ্রামের বাড়ি সিলেটের হবিগঞ্জ সদর এলাকায়। তিনি পরিবার নিয়ে ধামরাইয়ের ইসলামপুরে ভাড়া বাসায় থাকতেন এবং সেখানে ব্যবসা করতেন। তার স্ত্রী রুমা আক্তার ধামরাই মেডিক্যালের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে আয়া হিসেবে কর্মরত।

Advertisement

আহত রুমা আক্তার জানান, তারা সিলেটে যাওয়ার উদ্দেশ্যে রোববার বিকেলে ইসলামপুর থেকে পরিবারের ছয় সদস্য একটি বড় অটোরিকশায় করে নবীনগরের দিকে যাচ্ছিলেন। পথে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের সামনের ইউ-টার্নে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের অটোরিকশাটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা সবাই আহত হন।

তিনি আরো জানান, দুর্ঘটনার পর নিজেই ফোন করে বাসার এক ভাড়াটিয়া ও অফিসের সহকর্মীদের বিষয়টি জানান।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা রুমা আক্তারের সহকর্মী বিজয় ও মেহেদী জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। প্রথমে তাদের গণস্বাস্থ্য হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে পরিবারের চারজন ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিসহ মোট পাঁচজনকে সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আব্দুল কাইয়ূমকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, তাদের তিন সন্তানের মধ্যে অপর দুই মেয়েও দুর্ঘটনার সময় অটোরিকশায় ছিল। তবে তারা গুরুতর আহত হয়নি। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাসায় রাখা হয়েছে।

বর্তমানে আহত চারজন হলেন—নিহতের স্ত্রী রুমা আক্তার (৩০), ছেলে রেজাউল করিম (৮), মা চন্দ্রনা বেগম (৬৫) এবং আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: হাবিবুর রহমান জানান, নবীনগর-বাইশমাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত এক পরিবারের চারজনসহ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত চারজন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এদিকে, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানা গেছে।