
রাশিয়া ও ইউক্রেন একে অপরের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। ইউক্রেনজুড়ে রুশ ড্রোন হামলায় কমপক্ষে ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে ইউক্রেনের বিপুলসংখ্যক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া।
শনিবার (২৮ নভেম্বর) ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সামরিক বাহিনী রাশিয়ার রোস্তভ অঞ্চলের একটি তেল শোধনাগারে এবং সামারা অঞ্চল ও বাশকোর্তোস্তানের আরো দুটি তেল স্থাপনায় হামলা চালিয়েছে।
গত পাঁচ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো নোভোশাখতিনস্ক তেল শোধনাগারে হামলা চালানো হলো। এছাড়া সামারা অঞ্চলের অপরিশোধিত তেল পরিবহন, সংরক্ষণ ও মিশ্রণ কেন্দ্র এলপিডিএস সামারা এবং বাশকোর্তোস্তানের একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন পাম্পিং স্টেশন এলপিডিএস নুরলিনোতেও হামলা চালানো হয়েছে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো শনিবার জানিয়েছেন, রুশ বাহিনী কিয়েভের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলা চালিয়েছে।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা কিয়েভে একটি সাবস্টেশন এবং একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে। পাশাপাশি কৃষ্ণসাগরে সামরিক সরঞ্জাম বহনকারী একটি জাহাজেও আঘাত হানা হয়েছে।
ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ অঞ্চলে নিজিন শহরে রুশ হামলায় সাতজন নিহত ও সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্টেট ইমার্জেন্সি সার্ভিস। একই সময়ে কিয়েভে এক নারী নিহত ও চারজন আহত হন।
এদিকে, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলে হামলায় দু’জন নিহত ও দু’জন আহত হয়েছেন।
সূত্র : আলজাজিরা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









