দুর্ঘটনা, পদ্মা সেতু, আহত, সড়ক দুর্ঘটনা, বাস-ট্রাক সংঘর্ষ
পদ্মা সেতুতে বাসের ধাক্কায় ৯ জন আহত হয়েছে। সংগৃহীত

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কায় অন্তত নয়জন আহত হয়েছেন।

Advertisement

শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সেতুর ৪২ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশে যাচ্ছিল ডলফিন পরিবহনের একটি বাস। দ্রুতগতিতে পদ্মা সেতু পার হওয়ার সময় বাসটি সামনে থাকা একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাস ও ট্রাকের কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী (পদ্মা সেতু) আবু সায়াদ নিলয় বলেন, দ্রুতগতিতে ট্রাকটিকে ওভারটেক করার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে ধাক্কা দেয়। এতে দুই যানবাহনের যাত্রীদের মধ্যে অন্তত নয়জন আহত হয়েছেন।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুস সালাম জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের তথ্য পুলিশের কাছে আসেনি। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।