সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সই হওয়া ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’কে স্বাগত জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। শুক্রবার মক্কার আল-সাফা প্রাসাদে আয়োজিত এক শীর্ষ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই চুক্তিতে সই করেন।
তুরস্কের বার্তা সংস্থা ( ৮ আগস্ট) উল্লেখ করা হয়েছে, এই চুক্তি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়। বরং এ চুক্তি মূলত আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, স্থায়িত্ব এবং সমৃদ্ধি নিশ্চিত করার একটি যৌথ নিরাপত্তা উদ্যোগ। চুক্তিটির মূল শর্ত, তিন দেশের কোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সে হামলাকে বাকি দেশগুলোর ওপর হামলা হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ, এক দেশ আক্রান্ত হলে অন্য দেশগুলোও তার সুরক্ষায় এক হয়ে লড়বে।
ওআইসির মহাসচিব হিসেইন ইব্রাহিম ত্বাহা চুক্তিটিকে ‘ঐতিহাসিক’ ও ‘গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ’ হিসেবে অভিহিত করে নিজের পূর্ণ সমর্থনের কথা জানান। তিনি বলেন, 'এই চুক্তি আঞ্চলিক এবং পুরো মুসলিম বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতার একটি মূল স্তম্ভ হিসেবে কাজ করবে।'
তিনি আরো যোগ করেন, নিত্যনতুন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা এবং ওআইসি সদস্য দেশগুলোর মধ্যে সংহতি ও দ্বিপক্ষীয় অংশীদারিত্ব জোরদার করতেই এই উদ্যোগ। তিন দেশের শীর্ষ নেতৃত্বের প্রশংসার পাশাপাশি ত্বাহা আশা প্রকাশ করেন, এই চুক্তি আন্তর্জাতিক সম্প্রদায়ে শান্তি প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখবে।



