যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, মেডিক্যাল সামগ্রী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী, অনিন্দ্য ইসলাম অমিত
মেডিক্যাল সামগ্রী তুলে দিচ্ছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। নয়া দিগন্ত

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার মেডিক্যাল সামগ্রী প্রদান করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 

Advertisement

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে স্থানীয় সার্কিট হাউজের মিলনায়তনে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জনের কাছে এসব চিকিৎসা সামগ্রী তুলে দেন তিনি। 

চিকিৎসা সামগ্রী হাসপাতালে ভর্তি রোগীরা যেন সঠিকভাবে বিনামূল্য পায় সেই ব্যাপারে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন প্রতিমন্ত্রী। হিউম্যান অ্যাপিল ইউএসএ’র সহযোগিতায় বিতরণ চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে ব্যাথার ইনজেকশন, বয়স্কদের জন্য প্যাম্পাস, গ্লাভস, ক্যানোলা, চিকিৎসকদের পোশাকসহ ওটির কাজে ব্যবহৃত সামগ্রী। 

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: হুসাইন শাফায়াত, সিভিল সার্জন মাসুদ রানাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যশোর ২৫০ শয্যার হাসপাতাল হলেও চিকিৎসাসেবা দেয়া হয় ৫০০ শয্যার। বিপুল সংখ্যক ওষুধ ও চিকিৎসা সামগ্রী সঙ্কটেও রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। এ চিকিৎসা সামগ্রী পাওয়ার মধ্যে দিয়ে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত হবে।