নিহত সৌদিপ্রবাসী মো: আনোয়ার হোসেন
নিহত সৌদিপ্রবাসী মো: আনোয়ার হোসেন। নয়া দিগন্ত

সৌদি আরবে প্রাইভেটকারের চাপায় মো: আনোয়ার হোসেন (৩৭) নামে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার এক প্রবাসী যুবক নিহত হয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে সৌদি আরবের আছির প্রদেশের রাজধানী আবাহ শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রবাসী যুবক মো: আনোয়ার হোসেন ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের বেইলা গ্রামের আব্দুল হকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে দুই বছর আগে সৌদি আরবে যান আনোয়ার। ঘটনার দিন কর্মস্থল থেকে ফেরার পথে দ্রুতগতিতে আসা একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে তিনি মাথায় মারাত্মকভাবে আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে আবাহ শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৌদি আরবে অবস্থানরত নিহতের স্বজন ও সহকর্মীরা সড়ক দুর্ঘটনার খবরটি সাগরদিঘীতে তার পরিবারকে জানান। মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছানোর পরপরই শুরু হয় পরিবারের সদস্যদের আহাজারি। পরিবারের উপার্জনক্ষম সদস্য ও প্রিয় সন্তানকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েন স্বজনরা।

নিহতের বড় ভাই মো: সানোয়ার হোসেন জানান, তিন ভাই ও এক বোনের মধ্যে আনোয়ার ছিলেন মেজ। ব্যবসায় ক্ষতিগ্রস্ত ও ঋণের চাপে পাড়ি জমান প্রবাসে।

বর্তমানে আনোয়ারের লাশ সৌদি আরবের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেছেন নিহতের শোকসন্তপ্ত পরিবার।