ইসলামী ব্যাংক ধসে পড়লে দেশের অর্থনীতির ওপর আঘাত হবে বলে মন্তব্য করেছেন, ঢাকা-১২ আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।
তিনি বলেন, পত্রিকায় এসেছে ইসলামী ব্যাংক থেকে এক দিনেই ৭০০ কোটি টাকার বেশি বের হয়ে গেছে। ব্যাংকটি নেগেটিভের দিকে যাচ্ছে। এ ব্যাংকটি বাঁচাতে হবে। এত বড় গ্রাহকের একটি ব্যাংক ধসে পড়লে দেশের অর্থনীতির ওপর আঘাত হবে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এ সময় সংসদে সভাপতিত্ব করেন।
সাইফুল আলম খান মিলন বলেন, ‘সংসদে ব্যাংক নিয়ে আইন করেছেন। সেই আইনের জানালা দিয়ে এস আলম ঢুকে পড়তে পারে।’
ইসলামী ব্যাংককে বাঁচানোর আহ্বান জানান এ সংসদ সদস্য।
এ সময় সাইফুল আলম খান মিলন কারওয়ানবাজারে চাঁদাবাজি, তেজগাঁওয়ে কাভার্ড ভ্যান দিয়ে সড়ক দখল, মাদকের বিস্তারসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং এগুলো বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান।



