বিএনপির লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার পাঁয়তারা হচ্ছে : নাহিদ ইসলাম

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

Advertisement

তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে বিএনপি অতীতের মতো আবারো ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নিজেদের লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বানাতে চাইছে বিএনপি। এ পরিকল্পনা থেকে বের হয়ে আসার জন্য দলটির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল সোমবার মুন্সীগঞ্জ এনসিপির উদ্যোগে একটি পার্টি সেন্টারে এক মতবিনিময় সভায় নাহিদ ইসলাম এ কথা বলেন। এনসিপির এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। 
বিবৃতিতে বলা হয়েছে, নাহিদ ইসলাম বলেন, বিএনপি অতীতে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ষড়যন্ত্র করেছে। ২০০৬ সালে নিজেদের লোক বসানোর চেষ্টা করেছে। তারা তখন সফল  হয়নি। আবারো তারা পাঁয়তারা করছে কিভাবে নিজেদের লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করা যায়। এটার মানে খুবই সুস্পষ্ট যে বিএনপি আগামী নির্বাচন কোনোভাবেই সুষ্ঠুভাবে হতে দেবে না। 
সরকারকে হুঁশিয়ার করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলছি, এ পরিকল্পনা থেকে বেরিয়ে আসতে হবে। র‌্যাংক চয়েস সিস্টেম আমরা প্রস্তাবনা দিয়েছিলাম তার ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা বাস্তবায়ন করতে হবে।’ 
ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি পলাতক শেখ হাসিনার দেশে আসার কোনো সম্ভাবনা দেখছেন না নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনা দেশে আসবেন বলছেন। বিষয়টি নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেসব তৎপরতা দেখাচ্ছে, সেটাকে তার তৎপরতা হিসেবে দেখলে ভুল হবে। এটিকে কূটনৈতিক তৎপরতা হিসেবে দেখতে হবে। বাংলাদেশকে নানামুখী চাপ দেয়ার জন্য কার্যক্রম নিষিদ্ধ দলটিকে দিয়ে ভারত এসব অপতৎপরতা চালাচ্ছে। 
সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি 
সংবিধান সংস্কার নিয়ে নাহিদ ইসলাম বলেন, সংবিধানের মৌলিক কাঠামোর পরিবর্তন আনতে চাইলে একটা গণপরিষদ অথবা সংবিধান সংস্কার পরিষদ, যা-ই হোক কিছু একটি লাগবে। সংশোধনী দিয়ে সংবিধানের মৌলিক কোনো পরিবর্তন আনা যাবে না। তিনি বলেন, গণভোটে শত শত মানুষ যে রায় দিয়েছেন, সেই রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করার কথা ছিল। তা না করে বিএনপি একদলীয় সংবিধান সংশোধন কমিটি করেছে। 
তিনি বলেন, বিএনপি এরই মধ্যে তাদের নির্বাচনী প্রতিশ্রুতির ৩১ দফার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দফা এবং জুলাই শর্তের গুরুত্বপূর্ণ কয়েকটি শর্ত লঙ্ঘন করেছে। বিএনপির অধীনে স্থানীয় সরকারের সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিচ্ছি এবং এবার স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে, এটি আমাদের কাছে মনে হচ্ছে না। কারণ নির্বাচন কমিশনে বিএনপি অলরেডি একটি লোক ঢুকিয়েছে এবং আপনারা দেখেছেন যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নিজে এখন প্রার্থী ঘোষণা করছেন।’ 
তিনি আরো বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আমরা কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং মেনে নেবো না। এ ধরনের পরিকল্পনা যদি থাকে, তাহলে বিএনপি আসলে পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না।’ 
সারা দেশে বিরোধী দল ও মতের ওপর দমন-পীড়ন চলছে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, প্রায় ২২ জন মানুষকে গ্রেফতার করা হয়েছে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত দেয়ার জন্য। 
নাহিদ ইসলাম বলেন, ‘গতকালকে একটা নিউজ দেখলাম যে নরসিংদীতে একজন নারীকে গ্রেফতার করা হয়েছে, থানায় নিয়ে যাওয়া হয়েছে। ওই নারী সরকারের সমালোচনা করেছেন, ‘কেন যে বিএনপিকে ভোট দিলাম’ বা এ ধরনের একটা কথা বলেছেন; অর্থাৎ মানুষের যে ক্ষোভ, সেটি কিন্তু মানুষ প্রকাশ করতে শুরু করেছে এবং মানুষের মুখ বন্ধ করার জন্য তারা সাইবার সিকিউরিটি, সাইবার নিরাপত্তা আইন এগুলো নতুন করে সংশোধন করছে, সাংবাদিকদের হাতে শিকল পরানো যায়, সাংবাদিকদের মুখ বন্ধ করা যায়, সাংবাদিকদের বিভিন্ন জায়গায় নির্যাতন-নিপীড়ন করছে।’ 
এনসিপির আহ্বায়ক বলেন, ‘বিএনপি নিজেদেরকে যতই শিশু সরকার বলুক, আমরা মনে করি, এই শিশুকে এখন শাসন করার সময় এসেছে। তো সেই জায়গা থেকে আমরা সারা দেশব্যাপী আমাদের বিক্ষোভ কর্মসূচিগুলো চলমান থাকবে।’  দেশের আইনশৃঙ্খলা ও জ্বালানি পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, চাঁদাবাজ, সন্ত্রাস, সেটা সব জায়গায় বাংলাদেশের আছে। জননিরাপত্তা বিঘিœত হয়েছে। সমতল থেকে পাহাড়, কোথাও আসলে মানুষের নিরাপত্তা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি, তার দায়িত্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। সেটা বাদ দিয়ে তিনি এখন সংবিধান সংশোধন কমিটি নিয়ে ব্যস্ত আছেন। একই রকম পরিস্থিতি জ্বালানি খাতে। জ্বালানি খাতে যেই বিপর্যয় এসেছে, তা কোনোভাবেই এড়াতে পারেন না জ্বালানিমন্ত্রী।
তিনি বলেন, ‘মুন্সীগঞ্জের কিছু সমস্যার কথা আমরা অলরেডি শুনেছি। এখানে নদীভাঙন এবং বালু উত্তোলন হচ্ছে অবৈধভাবে। এখানেও চাঁদাবাজি, সন্ত্রাস, ক্ষমতাশীল দলের শেল্টারই (প্রশ্রয়ে) করছে তারা, ক্ষমতাশীল দলের শেল্টারই আছে। প্রশাসনকেও বলব যে তারা যেন নিরপেক্ষভাবে কাজ করে।’
এই সরকার পুলিশকে সক্রিয় করতে পারছে না বলে মনে করছেন নাহিদ ইসলাম। তাঁর ভাষ্য, আওয়ামী লীগ যে বিভিন্ন জায়গায় সক্রিয় হচ্ছে, সেটা তো বিএনপির আশ্রয়-প্রশ্রয়েই সক্রিয় হচ্ছে।
সভায় দলের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলীয় পরিকল্পনা ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল আমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, জেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, ঢাকা উত্তরের সাংগঠনিক সম্পাদক সাইফুল হায়দার, সহসাংগঠনিক সম্পাদক শওকত আলীসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।