ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির গতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে রাখা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ৬টা থেকে নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে পানির এ পরিমাপ করা হয়।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নূরুল ইসলাম জানান, মঙ্গলবার রাত থেকে তিস্তার পানি বাড়তে শুরু করে। এরপর সকাল ৬টা থেকে ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এই পয়েন্টে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। বর্তমানে তিস্তার পানি বিপৎসীমার ৫২ দশমিক ২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
হঠাৎ করে তিস্তা নদীতে পানি বেড়ে যাওয়ায় নদী তীরবর্তী নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার ৫টি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের ঘর-বাড়িতে পানি উঠেছে। নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী গ্রামগুলোতে প্রতিনিয়নত বাড়ছে পানি। ফলে এসব গ্রামের মানুষজনের মধ্যে উৎকন্ঠা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিতাব চৌধুরী জানান, ভারী বর্ষণ আর উজানের ঢলে তিস্তার পানি সকাল থেকে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ব্যারেজের সবগুলো গেট খুলে দেয়া হয়েছে।



