ইবোলা ভাইরাসের নমুনা
ইবোলা ভাইরাসের নমুনা। সংগৃহীত ছবি

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে নিশ্চিত আক্রান্তের সংখ্যা নয় হাজার ৬০০ ছাড়িয়েছে এবং এখন পর্যন্ত চার হাজার ৬৪৬ জনের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে।

Advertisement

বুধবার (২১ অক্টোবর) ডব্লিউএইচও-এর আফ্রিকা আঞ্চলিক কার্যালয় এক প্রতিবেদনে জানায়, মে মাসে প্রাদুর্ভাব শুরুর পর থেকে কঙ্গোতে আক্রান্ত স্বাস্থ্য অঞ্চলগুলোর তিন-চতুর্থাংশেরও বেশিতে ইবোলার সংক্রমণ এখনো সক্রিয় রয়েছে। 

বুন্দিবুগিও ভাইরাস স্ট্রেইনের কারণে সৃষ্ট এই ভাইরাসটি আটটি প্রদেশে ছড়িয়ে পড়েছে। প্রদেশগুলো হলো- ইতুরি, উত্তর কিভু, দক্ষিণ কিভু, হাউত-উয়েলে, বাস-উয়েলে, তশোপো, দক্ষিণ উবাঙ্গি ও উত্তর উবাঙ্গি।

প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত আক্রান্ত ৬৬ স্বাস্থ্য অঞ্চলের মধ্যে ৫০টিতে গত ২১ দিনের মধ্যে কমপক্ষে একজন করে নতুন রোগী শনাক্ত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই প্রাদুর্ভাব মোকাবেলা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। কেনিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং নাইজেরিয়াতেও একজন রোগী শনাক্ত হয়েছে।

কেনিয়ায় গত মঙ্গলবার আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়জনে। 

এদিকে, নাইজেরিয়ায় এক রোগী শনাক্ত হওয়ার পর ইবোলা রোধে বিশ্বব্যাপী সংহতির আহ্বান জানিয়েছে আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (আফ্রিকা সিডিসি)।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি