মাদকসেবী, গ্রেফতার, অভিযান
পুলিশের অভিযানে গ্রেফতাররা। নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা এলাকায় পুলিশের পৃথক অভিযানে আট মাদকসেবীসহ মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

বুধবার (২১ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম।

জানা গেছে, আট মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটটি মামলায় তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের। তাদের আদালতে পাঠানো হয়েছে।

এছাড়া পৃথক অভিযানে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামি মো: সাইফুল ইসলামকে (৪০) গ্রেফতার করা হয়। একইদিন রাত সাড়ে ১২টার দিকে ফৌজদারি মামলার আসামি মো: মুশফিকুর রহমান প্রকাশ মোরশেদ ও শেখ ফরিদকে (২৩) বামনসুন্দর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। জোরারগঞ্জ থানার সিআর মামলার আসামি আমির হোসেনকে ওইদিন রাত দেড়টার দিকে করেরহাট ইউনিয়নের অলিনগর থেকে গ্রেফতার করা হয়।

অপরদিকে ফৌজদারী মামলায় মো: বাদশা মিয়া (২৬) ও মো: বেলায়েত হোসেনকে (৪০) অভিযান চালিয়ে বারইয়ারহাট পৌরসভা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বলেন, ‘মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্টে দুই, সিআর ওয়ারেন্টে এক, নিয়মিত মামলায় এক, ফৌজদারী মামলায় দুই ও আট মাদকসেবীসহ ১৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে।’