বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও তা’লীমুল কুরআন সিলেট জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান বলেছেন, মাহে রমজান কুরআন নাযিলের মাস। পবিত্র এ মাসে সহীহভাবে কুরআন শেখা ও প্রশিক্ষণ দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআন মুমিনের জীবন চলার পথনির্দেশিকা। তাই কুরআনকে শুধু মুখস্থ বা অধ্যয়নের মধ্যে সীমাবদ্ধ না রেখে এর আলোকে জীবন পরিচালনা করতে হবে।
রোববার (১৫ মার্চ) বিকেলে নগরীর কুদরত উল্লাহ মার্কেটস্থ আঞ্জুমানে খেদমতে কুরআন কার্যালয়ে তা’লীমুল কুরআন পদ্ধতিতে আয়োজিত মাসব্যাপী সহীহ কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও ৬৩টি কেন্দ্রের মুয়াল্লিমদের সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ইহকালীন সাফল্য ও পরকালীন মুক্তি লাভের জন্য কুরআনের শিক্ষা অনুসরণ করে জীবন পরিচালনার শপথ নিতে হবে।
তা’লীমুল কুরআন সিলেট মহানগর টিমের সদস্য ড. মাওলানা এ এইচ এম সোলায়মানের সভাপতিত্বে এবং তা’লীমুল কুরআনের কেন্দ্রীয় প্যানেল উস্তায ও মহানগর সেক্রেটারি ক্বারি আব্দুল বাছেত মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের সেক্রেটারি হাফেজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা এটিএম শামসুদ্দিন, মাওলানা মকছুছুল করিম চৌধুরী, ফিরোজ উদ্দিন, মাওলানা আহমদ হোসাইন, হাফেজ মাওলানা শরিফ মো. শাহজালাল, মাওলানা গিয়াস উদ্দিন ও মাওলানা শাহ মাহমুদুল হকসহ অনেকে।
প্রসঙ্গত, প্রতি বছরের ন্যায় এবারো ১ রমজান থেকে ২৫ রমজান পর্যন্ত মাসব্যাপী সহীহ কুরআন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শেখার সুযোগ পান এবং আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র কুরআন সহীহভাবে তিলাওয়াত করা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা স্বল্প সময়ে শুদ্ধভাবে কুরআন শিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।



