ট্রেনের বগি, লাইনচ্যুত, উদ্ধার, রেললাইন
কুমিল্লায় কর্ণফুলী কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুতির দৃশ্য। নয়া দিগন্ত

কুমিল্লার নাঙ্গলকোটে লাইনচ্যুত কর্ণফুলী কমিউটার ট্রেনের বগিগুলো প্রায় ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। 

Advertisement

বুধবার (২১ অক্টোবর) ভোররাত ৪টার দিকে চট্টগ্রাম থেকে আসা রিলিফ ট্রেনের সহায়তায় উদ্ধারকাজ শেষ হয়। তবে দুর্ঘটনাকবলিত এলাকায় রেললাইন মেরামত ও প্রয়োজনীয় কারিগরি কাজ চলমান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো: মোস্তাফিজুর রহমান।

এর আগে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নাঙ্গলকোট উপজেলার নাওটি স্টেশনসংলগ্ন আজগরা এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ইঞ্জিনসহ চারটি বগি লাইন থেকে ছিটকে পড়ে। এ দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

দুর্ঘটনার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর বুধবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম থেকে আসা রিলিফ ট্রেন উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর রাত ৪টার দিকে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করা সম্ভব হয়। এরপর দুর্ঘটনাকবলিত এলাকায় রেললাইন মেরামত ও পুনরায় ট্রেন চলাচলের উপযোগী করার কাজ শুরু হয়।

এদিকে দুর্ঘটনার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে রেলওয়ের ফেনীর ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং এ ঘটনায় অন্য কারও দায় রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।