হবিগঞ্জের বানিয়াচংয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টর্চ লাইট জ্বালিয়ে দু’পক্ষের সংঘর্ষে আখলিমা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।
বুধবার (২৫ মার্চ) রাতে বানিয়াচং উপজেলার ৮ নম্বর খাগাউড়া ইউনিয়নের গুণই গ্রামে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ। নিহত আখলিমা ওই গ্রামের মরহুম জবান উল্লার স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও বানিয়াচং থানা পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের সালেহ আহমদ মেম্বার ও কামরুল ইসলাম চৌধুরীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে রাতে উভয়পক্ষের লোকজন টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয়পক্ষের নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় সালেহ আহমদের পক্ষের আখলিমা বেগম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
আহতদের উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, সংঘর্ষের সময় গুণই সিএনজি স্ট্যান্ড এলাকায় থাকা তিনটি দোকান ভাঙচুর করা হয় ও একটি বাড়িতে আগুন দেয়া হয় বলে জানা গেছে।
খবর পেয়ে বানিয়াচং থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। এরই জেরে এ সংঘর্ষ হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’



