ইন্টারকে হারিয়ে চমক ব্রুজের

ক্রীড়া ডেস্ক
ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। চলতি মৌসুমে লিগ পর্বে জমে উঠেছে লড়াই। দিনের সবচেয়ে বড় চমক ছিল ইন্টার মিলানের বিপক্ষে নিকোলো ত্রেসোলদির হ্যাটট্রিকের সুবাদে ক্লাব ব্রুজের দারুণ জয়। সান সিরোতে ৪-৩ ব্যবধানে জিতেছে বেলজিয়ামের ক্লাবটি। দ্বিতীয় ম্যাচডেতে দাপুটে জয় তুলে নিয়েছে বার্সেলোনা ও আর্সেনাল। তবে পয়েন্ট হারিয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে হেরে হতাশ হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। স্প্যানিশ ক্লাব ভিলারিয়ালের কাছে পরাজিত হয়েছে নাপোলি। 
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গত পরশু অবিশ্বাস্য ও রোমাঞ্চকর ম্যাচ ছিল সান সিরোতে। ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে ৪-৩ গোলে হারিয়ে বড় অঘটন ঘটিয়েছে বেলজিয়ামের ক্লাব ব্রুজ। ইন্টার মিলানের ঘরের মাঠ অনুষ্ঠিত এই ম্যাচে ক্লাব ব্রুজের জয়ের নায়ক ২২ বছর বয়সী তরুণ স্ট্রাইকার নিকোলো ত্রেসোলদি, যিনি দুর্দান্ত এক হ্যাটট্রিক করে দলকে জয় এনে দেন। ম্যাচের শুরু থেকেই দুই দল মেতে ওঠে আক্রমণ-প্রতিআক্রমণে। ৩০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্রুজকে এগিয়ে নেন ত্রেসোলদি। প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে চমৎকার এক গোলে ইন্টার মিলানকে সমতায় ফেরান অধিনায়ক লাউতারো মার্টিনেজ।
দ্বিতীয়ার্ধে শুরু হয় ত্রেসোলদি-ঝড়। ৬৩ মিনিটে ইন্টারের গোলরক্ষকের মারাত্মক ভুলের সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। এর ঠিক ১১ মিনিট পর নিখুঁত শটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন এই জার্মান অনূর্ধ্ব-২১ ফরোয়ার্ড। ম্যাচের শেষ দিকে নাটকীয়তা আরো বাড়ে। ৮১ মিনিটে মার্টিনেজ নিজের দ্বিতীয় গোল করে ইন্টারকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন। কিন্তু ৮৭ মিনিটে ব্রুজের বদলি খেলোয়াড় রোমিও ভার্মান্ট কাউন্টার অ্যাটাক থেকে গোল করে ইন্টারের কামব্যাকের আশায় জল ঢেলে স্কোরলাইন ৪-২ করেন। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ইন্তারের আঞ্জে-ইয়োয়ান বনি আরো একটি গোল শোধ করলেও তা সান্ত¡না ছাড়া আর কিছুই ছিল না। এই পরাজয়ে নতুন ফরম্যাটের লিগ পর্বে টানা দুই ম্যাচে হেরে পয়েন্টহীন রইল ইন্টার মিলান। 
এদিকে তুরস্কের গালাতাসারাইয়ের মাঠে শুরুতে পিছিয়ে পড়েছিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তবে প্রথম ম্যাচে ফেইনুর্ডকে ৫-১ ব্যবধানে হারানোর পর গত পরশু নিজেদের দ্বিতীয় ম্যাচেও শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে ফিরেছে ন্যূ ক্যাম্পের দলটি। স্বাগতিকদের হয়ে বাতরাকভ গোল করে এগিয়ে দিলেও প্রথমার্ধের শেষ দিকে জোয়াও কানসেলো সমতা ফেরান। বিরতির পর ফের্মিন লোপেজ, অ্যান্থনি গর্ডন ও করিম আদেয়েমির গোলে বড় জয় নিশ্চিত করে কাতালান ক্লাবটি। দু’টি অ্যাসিস্ট করে ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লামিনে ইয়ামাল।
নিজেদের মাঠে লিলেকে ৩-০ গোলে হারিয়েছে আর্সেনাল। দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের ব্যবধানে তিনটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইংলিশ ক্লাবটি। ৬৪ মিনিটে জুরিয়েন টিম্বার, ৬৭ মিনিটে এজে এবং ৭১ মিনিটে বুকায়ো সাকা গোল করেন। আগামী ২১ অক্টোবর বায়ার্ন মিউনিখের মাঠে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ লড়াইয়ে শক্তিমত্তার পরীক্ষা হবে আর্সেনালের।
নরওয়ের ভাইকিংয়ের মাঠে ৩-৩ গোলে ড্র করেছে বায়ার্ন মিউনিখ। পিছিয়ে পড়ার পর হ্যারি কেনের গোলে ম্যাচে ফেরে জার্মান জায়ান্টরা। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে ফিরতে পারেনি তারা। মাইকেল অলিসের লাল কার্ড বায়ার্নের জন্য পরিস্থিতি আরো কঠিন করে তোলে। শেষ দিকে হারমান হাউজেনের গোলে সমতা ফেরায় ভাইকিং। অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠে ২-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের শুরুতেই পাবলো বারিওস গোল করে এগিয়ে দেন স্বাগতিকদের। পরে ব্যবধান দ্বিগুণ করেন আদেমোলা লুকমান। ভিয়ারিয়ালের কাছে ৩-১ গোলে হেরেছে নাপোলি। প্রথম ম্যাচেও আর্সেনালের কাছে হারায় টানা দুই ম্যাচে পরাজয়ের তিক্ততা নিয়ে পরবর্তী লড়াইয়ে নামতে হবে ইতালিয়ান ক্লাবটিকে। স্পোর্টিং সিপি ২-০ ব্যবধানে হারিয়েছে লেন্সকে। স্লাভিয়া প্রাহার বিপক্ষে ২-০ গোলের জয় আজারবাইজনের ক্লাব সাবাহ এফকের। নেদারল্যান্ডসের ক্লাব পিএসভিকে নিজেদের মাঠে ১-০ গোলে হারিয়েছে আরবি লিপজিগ।

Advertisement