সিলেটের ৬ আসনে জামানত হারাচ্ছেন ২০ প্রার্থী

জামানত হারানো প্রার্থীদের মধ্যে সিলেট-১ আসনে ছয়জন, সিলেট-২ আসনে তিনজন, সিলেট-৩ আসনে চারজন, সিলেট-৪ আসনে তিনজন, সিলেট-৫ আসনে একজন ও সিলেট-৬ আসনে তিনজন রয়েছেন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটের ম্যাপ
সিলেটের ম্যাপ |ফাইল ছবি

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি আসনে জামানত হারাচ্ছেন ২০ প্রার্থী। নির্বাচনে ৩৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন ছয়জন। এরমধ্যে পাঁচটি আসনে বিএনপি ও একটিতে ১১ দলীয় জোটের প্রার্থী বিজয়ী হন।

এদিকে বিজয়ীদের সাথে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছয় প্রার্থী ছাড়াও সিলেট-৫ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মামুনুর রশিদকে জামানত হারাতে হয়নি। অপর ২০ জন প্রার্থীই ভোটে ফল বিপর্যয়ের পাশাপাশি জামানত হারিয়েছেন।

জামানত হারানো প্রার্থীদের মধ্যে সিলেট-১ আসনে ছয়জন, সিলেট-২ আসনে তিনজন, সিলেট-৩ আসনে চারজন, সিলেট-৪ আসনে তিনজন, সিলেট-৫ আসনে একজন ও সিলেট-৬ আসনে তিনজন রয়েছেন।

সিলেট-১ আসনে মোট ভোট পড়েছে তিন লাখ ২৫ হাজার ৫৩৯টি। এরমধ্যে ৪০ হাজার ৬৯২ ভোট না পেয়ে জামায়াত হারিয়েছেন গণঅধিকার পরিষদের আকমল হোসেন (৩১৪), বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রণব জ্যোতি পাল (১১৩৪), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান (২৭০১), বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসাইন (৯০৮), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো: শামীম মিয়া (২৩৯) এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-মার্কসবাদীর সঞ্জয় কান্ত দাস (৮০১)।

সিলেট-২ আসনে মোট ভোট পড়েছে এক লাখ ৬৪ হাজার ৫০৭টি। যার ২০ হাজার ৫৬৩ ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী (১৪২০), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: আমির উদ্দিন (১৪০৮), গণফোরামের মো: মুজিবুল হক (৬৩৭)। এখানে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর এক লাখ ১৭ হাজার ৯৫৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

সিলেট-৩ আসনে মোট ভোট পড়েছে দুই লাখ ৪ হাজার ৬৪৭টি। এরমধ্যে ২৫ হাজার ৫৮৫ ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান (২৬৩০), ইসলামী আন্দোলন বাংলাদেশের রেদওয়ানুল হক চৌধুরী (১৩৯১), স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকের (২৯৭), মেস্তাকিম রাজা চৌধুরী (৪১৯৯)। এখানে বিএনপির মোহাম্মদ আব্দুল মালিক এক লাখ ১৫ হাজার ৪৫০ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

সিলেট-৪ আসনে মোট ভোট পড়েছে দুই লাখ ৭০ হাজার ৫৬৫টি। যার ৩৩ হাজার ৮২০ ভোট না পেয়ে জামানত হারিয়েছন ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সাঈদ আহমদ (২৭২৪), জাতীয় পার্টির মোহাম্মদ মুজিবুর রহমান (১৯৬৬), গণঅধিকার পরিষদের জহিরুল ইসলাম (৫৬১)। এখানে বিএনপির আরিফুল হক চৌধুরী এক লাখ ৮৬ হাজার ৮৪৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

সিলেট-৫ আসনে মোট ভোট পড়েছে দুই লাখ ১১ হাজার ৫১৮টি। এরমধ্যে ২৬ হাজার ৪৩৯ ভোট না পেয়ে জামানত হারিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের মো: বিলাল উদ্দিন (৩৭২)। এখানে খেলাফত মজলিসের মোহাম্মদ আবুল হাসান ৭৯ হাজার ৩৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

সিলেট-৬ আসনে দুই লাখ ৪৩ হাজার ৬৯৬টি ভোট পড়েছে। এরমধ্যে ৩০ হাজার ৪৬২ ভোট না পেয়ে জাতীয় পার্টির মোহাম্মদ আবদুন নূর (১১৭০), গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান (১৩৮৬), স্বতন্ত্র মো: ফখরুল ইসলাম (২৩৮৪৬) জামানত হারিয়েছেন। এখানে বিএনপির এমরান আহমদ চৌধুরী এক লাখ নয় হাজার ৯১৭টি ভোট পেয়ে জয়ী হয়েছেন।