যুবদল নেতার বাড়ি থেকে চুরি হওয়া ট্রাকের খণ্ডাংশ উদ্ধার

৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে ট্রাকটি চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে চুরি হয়। চুরি হওয়ার পর অভিযোগের ভিত্তিতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গাড়ির ড্রাইভারকে আটক করে। তার তথ্যের ভিত্তিতে গতকাল সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন পবিরের সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইকান্দি গ্রামের পরিত্যক্ত বাড়িতে অভিযান পরিচালনা করে চুরি হওয়া ট্রাকের খণ্ডিত অংশ দেখতে পাওয়া যায়।

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

Location :

Sonagazi
যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন পবির, (ডানে) ট্রাকের খণ্ডিত অংশ
যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন পবির, (ডানে) ট্রাকের খণ্ডিত অংশ |নয়া দিগন্ত

চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে চুরি হওয়া ট্রাকের খণ্ডিত অংশ ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন পবিরের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ইমাম হোসেন প্রবীরকে দলের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতভর চট্টগ্রামের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কর্মকর্তারা গোপনীয় তথ্যের ভিত্তিতে ওই যুবদল নেতার সোনাগাজীর বাড়ি থেকে চুরি হওয়া ট্রাকের খণ্ডিত অংশ উদ্ধার করেন।

চিঠিতে উল্লেখ করা হয়, দলের শৃঙ্খলাভঙ্গ, নীতি-আদর্শের অসঙ্গতি ও পরিপন্থী নানা অনাচারের কারণে ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবীরকে দলের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হলো।

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

চুরি হওয়া গাড়ির মালিক মো: হারুন মিয়া জানান, ৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে ট্রাকটি চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে চুরি হয়। চুরি হওয়ার পর অভিযোগের ভিত্তিতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গাড়ির ড্রাইভারকে আটক করে। তার তথ্যের ভিত্তিতে গতকাল সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন পবিরের সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইকান্দি গ্রামের পরিত্যক্ত বাড়িতে অভিযান পরিচালনা করে চুরি হওয়া ট্রাকের খণ্ডিত অংশ দেখতে পাওয়া যায়। পরে আজ সকালে আবারো অভিযান পরিচালনা করে পরিত্যক্ত স্থান ও পুকুর থেকে ট্রাকের বেশ কিছু খণ্ডিত অংশ তুলে আনা হয়।

এ বিষয়ে যুবদল নেতা ইমাম হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। আমরা ওই বাড়িতে গত ১৭ বছর বসবাস করি না। পরিত্যক্ত বাড়িতে কে বা কারা রেখে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

মামলার দায়িত্বরত কর্মকর্তা চট্টগ্রাম ইপিজেড থানার এসআই আল আমিন মিয়া জানান, নির্বাচনের আগে গত ৮ তারিখ চট্টগ্রাম থেকে গাড়িটি চুরি হয়। অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে জানা যায়, গাড়িটি চট্টগ্রাম থেকে ফেনীর লাল পোলে নিয়ে আসা হয়। সেখান থেকে গাড়িটি সোনাগাজীর ছাড়াইকান্দি গ্রামের ওই বাড়িতে আনা হয়। এখানে ট্রাকটিকে কেটে টুকরো টুকরো করে বিক্রি করতে চেয়েছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। আমরা আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি।

উল্লেখ্য, যুবদল নেতা ইমাম হোসেন প্রবীর ফেনী জেলা যুবদলের সাবেক সভাপতি জসিম চেয়ারম্যানের ছোট ভাই।