পিরোজপুরের কাউখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ মো: সাগর হোসেন (২৬) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পূর্ব আমরাজুরী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাগর ওই গ্রামের মরহুম বাবুল খন্দকারের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার ওসি মো: আনোয়ার হোসেনের নির্দেশে এসআই বিপ্লব বিশ্বাস ও মাসুদ আল মামুনের নেতৃত্বে উপজেলার পূর্ব আমরাজুরী গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাগরকে নিজ বসতবাড়ি থেকে ১০০ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের বেশ কিছু সরঞ্জামসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে পিরোজপুরের সংশ্লিষ্ট বিচারিক আদালতে পাঠানো হয়েছে।
ওসি আনোয়ার বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। উপজেলার কোথাও কোনো মাদককারবার বা সেবনের সুযোগ দেয়া হবে না। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে আমরা নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছি।’



