লোড হচ্ছে...
২০০৪ সালের ২৫ অক্টোবর নয়া দিগন্তের প্রথম সংখ্যায় শেষ পাতার প্রধান শিরোনাম ছিল–‘একের পর বিদ্যুতের দাম বাড়ছে’। নাজমুল হেসেনের লেখা ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, আইএমএফ ও আইএফসির ঋণ সহায়তার শর্ত এবং পিডিবির লোকসান কমাতে দীর্ঘ তিন বছর পর ঈদের পর শীত মৌসুমে এনার্জি রেগুলেটরি কমিশনের মাধ্যমে দেশে বিদ্যুতের দাম বাড়ানোর জোর প্রক্রিয়া চলছে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ৩৩ বার বিদ্যুতের দাম বাড়ানো হলেও বিইআরসির পূর্ণাঙ্গ লোকবল ও বিধিমালার অভাব সত্ত্বেও এবার বছরে দুই দফায় বিদ্যুতের মূল্যবৃদ্ধির পরিকল্পনা করা হচ্ছে।
২০ দিন আগে

২০০৪ সালের ২৫ অক্টোবর নয়া দিগন্তের প্রথম সংখ্যায় ব্যতিক্রমী আয়োজনের অংশ হিসেবে ‘বিদেশী সম্পাদকীয় থেকে’ বিভাগ যুক্ত করা হয়। বিভাগটিতে ‘গোয়েন্দা তথ্য কিভাবে বাঁকা করতে হয়’ শিরোনামে বিদেশী পত্রিকা ‘The New York Times’ থেকে একটি সম্পাদকীয় প্রকাশিত হয়। সম্পাদকীয়তে উঠে আসে– আমেরিকানদের ইরাক অভিযানে প্ররোচিত করতে বুশ প্রশাসন সিআইএ-র প্রকৃত তথ্যের বাইরে গিয়ে বানিয়ে অতিরঞ্জিত গোয়েন্দা রিপোর্ট তৈরি ও প্রচার করেছিল। লেভিনের রিপোর্ট অনুযায়ী, নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে চেনি ও রামসফেল্ডসহ শীর্ষ কর্মকর্তারা জেনেশুনেই গোয়েন্দা তথ্যকে বিকৃত করেছিলেন।
২০ দিন আগে

২০০৪ সালের ২৫ অক্টোবর নয়া দিগন্তের প্রথম সংখ্যায় ‘সত্যের সঙ্গে প্রতিদিন’ শিরোনামে বিশেষ সম্পাদকীয় প্রকাশিত হয়। এতে সত্য প্রকাশে আপসহীন থাকা, সব মত ও পথের প্রকাশের সুযোগ তৈরি করা এবং জনসাধারণের সমস্যা ও দুর্ভোগ তুলে ধরার অঙ্গীকার করা হয়।
২০ দিন আগে

২০০৪ সালের ২৫ অক্টোবর নয়া দিগন্তের প্রথম সংখ্যায় ‘বাংলার দিগন্ত’ বিভাগে ‘অপরাধ দমনে হিমশিম খাচ্ছে সিএমপি’ শিরোনামে গুরত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, চট্টগ্রামে জনসংখ্যা অনেক বাড়লেও সেই তুলনায় পুলিশ বাড়েনি, উপরন্তু পুলিশের বহু পদ খালি পড়ে আছে। ফলে অল্পসংখ্যক পুলিশকে অনেক বেশি কাজের চাপ সামলাতে হচ্ছে, যা শহরের অপরাধ দমনকে কঠিন করে তুলছে এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছে।
২০ দিন আগে

২০০৪ সালের ২৫ অক্টোবর নয়া দিগন্তের প্রথম সংখ্যায় প্রকাশিত ‘সারাদেশের সড়ক নেটওয়ার্কের বেহাল দশা’ প্রতিবেদনে উল্লেখ করা হয়, বন্যা ও বর্ষণে দেশের মহাসড়ক থেকে শুরু করে গ্রামীণ সড়ক নেটওয়ার্ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বিপজ্জনক রূপ নেওয়ায় জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। উন্নয়ন সহযোগীদের ঋণ চুক্তি বিলম্বিত হওয়ায় পূর্ণাঙ্গ পুনর্বাসন থমকে থাকলেও অর্থনীতি রক্ষা ও যাতায়াত সচল রাখতে দ্রুত সড়ক সংস্কার প্রয়োজন।
২০ দিন আগে

২০০৪ সালের ২৫ অক্টোবর নয়া দিগন্তের প্রথম সংখ্যায় প্রকাশিত ‘প্রতিদিন খোয়া যাচ্ছে পাঁচ হাজার মোবাইল ফোন’ প্রতিবেদনে দেশে মোবাইল ফোনের ব্যবহার বাড়ার সাথে সাথে চুরি, ছিনতাই, পকেটমার ও হারিয়ে যাওয়ার ঘটনাও বাড়ছে এবং প্রতিদিন পাঁচ হাজারেরও বেশি ফোন খোয়া যাচ্ছে বলে আলোকপাত করা হয়। সেইসাথে মোবাইল হারিয়ে গ্রাহকদের আর্থিক ক্ষতি ও নানা প্রশাসনিক ঝামেলা পোহাতে হয়, অন্যদিকে নতুন সিম ও সংযোগ নিতে গিয়ে মোবাইল কোম্পানিগুলোও আর্থিকভাবে লাভবান হয় বলে তথ্য উল্লেখ করা হয়।
২০ দিন আগে

২০০৪ সালের ২৫ অক্টোবর নয়া দিগন্তের প্রথম সংখ্যার অন্যতম গুরুত্বপূর্ণ শিরোনাম ‘এমএ সাঈদ ও সফিউর রহমানের বিদায় আসন্ন’– এ উঠে এসেছিল আগাম নির্বাচনের প্রস্তুতি ও নির্বাচন কমিশনের কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের বয়সসীমা নির্ধারণ এবং কমিশনের ক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা করছে সরকার। প্রস্তাবিত সংশোধনীর মাধ্যমে কমিশনের অধিকাংশ সদস্যকে পদ থেকে সরানোর সম্ভাবনা থাকলেও বিষয়টি নিয়ে সরকারের মধ্যে মতপার্থক্য ও অনিশ্চয়তা ছিল।
২০ দিন আগে

নয়া দিগন্তের প্রথম সংখ্যায় প্রকাশিত প্রতিবেদন ও নিবন্ধগুলোতে একদিকে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির সম্ভাবনা তুলে ধরা হয়েছিল, অন্যদিকে নির্বাচনব্যবস্থা, আইনশৃঙ্খলা, প্রশাসনিক দুর্ভোগ, অবকাঠামো, বিদ্যুৎ, চলচ্চিত্রশিল্প ও প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্কটও সামনে আনা হয়েছিল। জাতীয় রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, জীবিকা এবং সাংস্কৃতিক ঐতিহ্যও গুরুত্ব পেয়েছিল।
২০ দিন আগে


