ক্ষমা চাইলেন ইনফান্তিনো, রক্ষা হলো ফিফা সভাপতির পদ

বিশ্বকাপকে বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করার যে পরিকল্পনা করা হয়েছিল তা নিয়ে সৃষ্ট বিতর্কের জন্য দুঃখপ্রকাশ করে কার্যত নিজের পদকে রক্ষা করেছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সর্বোচ্চ ব্যক্তি ইনফান্তিনো।

নয়া দিগন্ত অনলাইন
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো |সংগৃহীত

বিতর্কিত প্রস্তাব থেকে পিছু হটে ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আর এ কারণে সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে ‘পূর্ণ সমর্থন’ পেয়েছেন। বিশ্বকাপকে বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করার যে পরিকল্পনা করা হয়েছিল তা নিয়ে সৃষ্ট বিতর্কের জন্য দুঃখপ্রকাশ করে কার্যত নিজের পদকে রক্ষা করেছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সর্বোচ্চ ব্যক্তি ইনফান্তিনো।

বাতিল হওয়া ওই পরিকল্পনা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে ফিফার নেতৃত্ব নিজেদের ‘ভুল’ স্বীকার করেছে। তবে মরক্কোয় অনুষ্ঠিত সঙ্কটকালীন বৈঠকের পরও চাপের মুখে থাকা ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছে তারা।

পরিকল্পনাটি কীভাবে পরিচালনা করেছেন, তা নিয়ে ইনফান্তিনো নিজ সংস্থার ভেতর থেকেও ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছেন। গত শনিবার পরিকল্পনাটি বাতিল করার পর থেকেই তার পদত্যাগের দাবিও জোরালো হয়েছে।

বুধবার (৫ আগস্ট) এক বিবৃতিতে ফিফার নেতৃত্ব স্বীকার করেছে, ‘প্রস্তাবটি সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার পরও কিছু ভুল হয়েছিল।’

ফিফা জানিয়েছিল, নতুন বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)-এর মূল্য ২০ বিলিয়ন ডলার ধরে এ পরিকল্পনার মাধ্যমে সর্বোচ্চ ৪.২ বিলিয়ন ডলার সংগ্রহ করা সম্ভব হতে পারে। প্রস্তাব অনুযায়ী, এই প্রতিষ্ঠান বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের মতো আয়োজন পরিচালনা করত।

ফিফা বলেছিল, পরিকল্পনাটি অনুমোদিত হলে ২০২৭ সালের শুরুতে সংস্থাটির ২১১ সদস্য অ্যাসোসিয়েশনের প্রত্যেককে এককালীন দুই কোটি ডলার দেয়া যেতে পারে। পাশাপাশি ২০২৭-৩০ চক্রে তাদের তহবিল বরাদ্দ ৮০ লাখ ডলার থেকে বাড়িয়ে দুই কোটি ডলার করা হতে পারে।

কিন্তু প্রণোদনা হিসেবে কাজ করার বদলে এই পরিকল্পনা তীব্র ক্ষোভের জন্ম দেয়। এমনকি ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা বৃহস্পতিবার বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ বয়কট করার মতো কঠোর পদক্ষেপ নেয়ার হুমকি দেয়।

তোপের মুখে শনিবারের মধ্যে ইনফান্তিনো নিজের ভুল স্বীকার করে পরিকল্পনাটি প্রত্যাহার করে নেন।

ইনফান্তিনো বলেন, ‘আমাদের উদ্দেশ্য সবসময় ছিল এবং সবসময় থাকবে। একইসাথে সবাইকে ঐক্যবদ্ধ করা ও উন্নতি সাধন করাও আমাদের মূল লক্ষ্য।’

রাবাতে বুধবারের বৈঠকের পর ফিফার মহাসচিব এবং উপস্থিত ফিফা ম্যানেজমেন্ট বোর্ডের সদস্যরা এক বিবৃতিতে বলেন, তারা ফিফার ২১১ সদস্য অ্যাসোসিয়েশন কর্তৃক নির্বাচিত একমাত্র কর্মকর্তা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

বিবৃতিতে বলা হয়, ‘বৈঠকে ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে এবং যে ভুলগুলো হয়েছে, তা স্বীকার করা হয়েছে।’

‘ফিফা কাউন্সিল ও সদস্য অ্যাসোসিয়েশনগুলোকে এই প্রক্রিয়া থেকে বাদ দেয়ার কোনো উদ্দেশ্য ছিল না এবং প্রক্রিয়াটি ভিন্নভাবে পরিচালনা করা উচিত ছিল, এ বিষয়ে সকলে একমত হয়েছে। প্রস্তাবটি সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার পরও কিছু ভুল হয়েছিল, এটিও স্বীকার করা হয়েছে।’

ফিফা কাউন্সিল ও সদস্য অ্যাসোসিয়েশনগুলোর কাছে পাঠানো পৃথক চিঠিতে এসব ভুলের জন্য ক্ষমা চাওয়া হয়েছে এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

ফিফার মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রমও বৈঠকে উপস্থিত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার ফাঁস হওয়া এক অভ্যন্তরীণ ই-মেইলে তিনি কর্মীদের কাছে এ পরিকল্পনার সমালোচনা করেছিলেন।

ফিফার বিবৃতিতে বলা হয়েছে, ‘এখন একটি পর্যালোচনা করা হবে এবং পরবর্তী নির্ধারিত বৈঠকে ফিফা কাউন্সিলের কাছে একটি প্রতিবেদন উপস্থাপন করা হবে। আগেই জানানো হয়েছে, এফএফই প্রস্তাবটি ফিফার সদস্য অ্যাসোসিয়েশন ও ফিফা কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে ছিল। এখন এটি আলোচনার বাইরে।’

বুধবার পরে ৫৬ বছর বয়সী সুইস আইনজীবী ইনফান্তিনো গত সপ্তাহের ‘ফিস্ট অব দ্য এনথ্রোনমেন্ট’ উদযাপন উপলক্ষে মরক্কোয় ছিলেন। গতকাল রাবাতে জাম্বিয়া ও মালাওয়ির মধ্যকার নারী আফ্রিকা কাপ অব নেশনসের ম্যাচ দেখতে যান। এএফপির এক আলোকচিত্রী জানান, আল মদিনা স্টেডিয়ামের প্রবেশপথে মরক্কো ফুটবল ফেডারেশনের সভাপতির পাশে ইনফান্তিনোকে দেখা যায়। মরক্কো ২০৩০ বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ। মরক্কো ফুটবল ফেডারেশনের প্রধান ফৌজি লেকজা তাদের অল্প কয়েকজনের একজন, যারা অপমানজনকভাবে পরিকল্পনা বাতিল করার পরও প্রকাশ্যে ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছেন।

গত শনিবার লেকজা ঐক্য ও সংহতির স্বার্থে পরিকল্পনা বাতিলের ইনফান্তিনোর বিচক্ষণ সিদ্ধান্তের প্রশংসা করেন। দীর্ঘ ১০ বছর দায়িত্ব পালনের সময়ে বিশ্ব ফুটবলের উন্নয়নে নেয়া সব উদ্যোগের জন্য ইনফান্তিনোর প্রতি নিজের সমর্থনও পুনর্ব্যক্ত করেন তিনি।

ইনফান্তিনো এর আগে ৪৮ দলের অংশগ্রহণে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে আয়োজিত ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের ব্যাপক সাফল্যের পর বেশ প্রশংসা কুড়িয়েছিলেন।

চতুর্থ ও শেষ মেয়াদে দায়িত্ব পালনের তার ইচ্ছাও আগামী মার্চে রাবাতে অনুমোদিত হওয়ার সম্ভাবনাই বেশি ছিল। কারণ তাকে চ্যালেঞ্জ করার জন্য তখন পর্যন্ত অন্য কোনো প্রার্থী সামনে আসেননি। কিন্তু গত সপ্তাহের মঙ্গলবার সেই পরিস্থিতির পুরোপুরি পরিবর্তন ঘটে।

উয়েফা বিশ্বকাপকে বেসরকারি খাতে দেয়ার প্রস্তাবকে ইনফান্তিনোর তৈরি জঘন্য, গোপন ও অস্বচ্ছ চুক্তি হিসেবে আখ্যায়িত করে।

এক বিবৃতিতে উয়েফা বলেছে, ‘বর্তমান ফিফা নেতৃত্ব শুধু উয়েফার আস্থাই হারায়নি, ফুটবল পরিবারের আরো অনেক সদস্যের আস্থাও হারিয়েছে।’

উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফ আরো এক ধাপ এগিয়ে ইনফান্তিনোর সভাপতিত্ব নিয়ে ব্যাপকভাবে হিসাব-নিকাশের আহ্বান জানায়। একইসাথে ইনফান্তিনোর দুর্বল শাসনব্যবস্থা ও নেতৃত্বের কঠোর সমালোচনা করে।

২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, ফিফাকে নেতৃত্ব দেয়ার সক্ষমতার ব্যাপারে ইনফান্তিনোর ওপর তার আর আস্থা নেই। বাসস