দিল্লিতে ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে নরেন্দ্র মোদির আমন্ত্রণ

Printed Edition

বিশেষ সংবাদদাতা

ভারতের রাজধানী নয়া দিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এ আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, ভারতের পক্ষ থেকে আমন্ত্রণপত্রটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে এবং তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, একটি গণতান্ত্রিক দেশ এবং জনগণের দ্বারা নির্বাচিত সরকার হিসেবে বাংলাদেশ পুরো অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পক্ষপাতি। তিনি বলেন, এটি আমাদের স্পষ্ট অবস্থান। আমরা চাই আমাদের অঞ্চলে যেন শান্তি ও স্থায়িত্ব বজায় থাকে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে আরো বলেন, একটি বড় গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত তাদের দেশের জনগণের সুযোগ-সুবিধা ও সমস্যাগুলো গণতান্ত্রিক উপায়েই সমাধান করবে।

‘স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্ব’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে এ বছর ব্রিকস সম্মেলনের আয়োজন করছে ভারত। নয়া দিল্লি এটিকে একটি ‘জনকেন্দ্রিক’ ও ‘মানবতা-প্রথম’ দৃষ্টিভঙ্গি হিসেবে তুলে ধরেছে। সম্মেলনের আয়োজক দেশ হিসেবে ১১টি সদস্য রাষ্ট্রের পাশাপাশি ভারত বেশ কয়েকটি অ-সদস্য দেশকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানাচ্ছে।

তবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্মেলনে যোগ দেবেন কি না, সে বিষয়ে এখনো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি।

অন্য দিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো জানান, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষদূত সার্জিও গোরের আসন্ন ঢাকা সফর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে ঢাকা প্রত্যাশা করছে।